হিন্দু সম্প্রদায়ের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ে তুহিন চৌধুরী, সম্প্রীতির উদাহরণ স্থাপন


Rastrerkotha প্রকাশের সময় : ৩০/০৯/২০২৫, ৯:২১ অপরাহ্ণ /
হিন্দু সম্প্রদায়ের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ে তুহিন চৌধুরী, সম্প্রীতির উদাহরণ স্থাপন
7

নিজস্ব সংবাদদাতা:

নীলফামারীর ডিমলায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে একটি প্রাণবন্ত শুভেচ্ছা ও মতবিনিময় সভার আয়োজন করা হয়। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে ডিমলা ইসলামিয়া ডিগ্রি কলেজ অডিটোরিয়াম হলরুমে ৭৬টি মন্দির কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন নীলফামারী জেলা বিএনপির সাবেক সভাপতি ও নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিন। তিনি সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ভাগ্নে।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তুহিন চৌধুরী ধর্মীয় সম্প্রীতির অনন্য উদাহরণ স্থাপন করেন। তিনি হিন্দু সম্প্রদায়ের প্রতি তার আন্তরিকতা প্রকাশ করে বলেন, পূজা নির্বিঘ্নে উদযাপনের জন্য সর্বাত্মক সহযোগিতা থাকবে। এছাড়া তিনি তার ব্যক্তিগত তহবিল থেকে প্রতিটি মন্দিরের জন্য আর্থিক অনুদান প্রদান করেন, যা উপস্থিত নেতৃবৃন্দের মধ্যে আনন্দ ও উৎসাহের সঞ্চার করে।

বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট, ডিমলা উপজেলা শাখার আহ্বায়ক বাবু উৎপল কান্তি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নীলফামারী জেলা বিএনপির উপদেষ্টা অধ্যাপক রইসুল আলম চৌধুরী, সদ্য সাবেক উপজেলা সভাপতি অধ্যক্ষ মনোয়ার হোসেন, অধ্যাপিকা সেতারা সুলতানা, সাংগঠনিক সম্পাদক গোলাম রব্বানী প্রধান এবং উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বদিউজ্জামান রানা।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন তুহিন চৌধুরীর সহধর্মিণী তামান্না ইসলাম এবং সকল মন্দির কমিটির সভাপতি-সম্পাদকবৃন্দ। পুরো অনুষ্ঠানজুড়ে বিরাজ করেছে আন্তরিকতা, সৌহার্দ্য ও ধর্মীয় সম্প্রীতির উজ্জ্বল পরিবেশ, যা সবাইকে একত্রে এগিয়ে যাওয়ার আহ্বান দেয়।