ছাত্রশিবিরের ৭ দফা দাবি, ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপনের আহ্বান


Rastrerkotha প্রকাশের সময় : ১৮/০৯/২০২৫, ১২:০৮ পূর্বাহ্ণ /
ছাত্রশিবিরের ৭ দফা দাবি, ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপনের আহ্বান
6

রাজশাহী সংবাদদাতাঃ

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ৭ দফা দাবি জানিয়েছে ছাত্রশিবির সমর্থিত প্যানেল ‘সম্মিলিত শিক্ষার্থী জোট’।

বুধবার (১৭ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টায় প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. এফ নজরুল ইসলামের কাছে স্মারকলিপি দেন প্যানেলের প্রার্থীরা।

তাদের দাবিগুলো হলো-

  • ভোটকেন্দ্রে পোলিং এজেন্টদের প্রবেশাধিকার ও দায়িত্ব পালনে প্রশাসনের পূর্ণ সহযোগিতা
  • সাংবাদিকদের জন্য পৃথক আইডি কার্ড প্রদান এবং অনুমোদিত সাংবাদিকদের প্রবেশাধিকার
  • ত্রুটিমুক্ত ওএমআর মেশিন ব্যবহার এবং প্রযুক্তিগত সমস্যা হলে ম্যানুয়াল ভোট গণনা
  • প্রতিটি ভোটকেন্দ্র সিসি ক্যামেরার আওতায় আনা
  • ভোটগণনা প্রজেক্টরের মাধ্যমে প্রদর্শন
  • ভোটের দিন ক্যাম্পাসে বহিরাগতদের প্রবেশ নিষিদ্ধ
  • নির্বাচন কমিশনের পূর্ণ নিরপেক্ষতা নিশ্চিত করা

ভিপি পদপ্রার্থী মোস্তাকুর রহমান জাহিদ বলেন, “আমরা সম্মিলিত শিক্ষার্থী জোটের পক্ষ থেকে নয় দফা দাবি জানিয়েছি। এর মধ্যে অন্যতম হলো—পোলিং এজেন্টদের প্রবেশাধিকার, সাংবাদিকদের পৃথক কার্ড, ত্রুটিমুক্ত ভোটগণনা এবং ভোটকেন্দ্র সিসি ক্যামেরার আওতায় আনা। আশা করি নির্বাচন কমিশন আমাদের দাবিগুলো বাস্তবায়ন করবে।”

প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. এফ নজরুল ইসলাম বলেন, “আমরা একটি সুশৃঙ্খল নির্বাচন আয়োজনের চেষ্টা করছি। ছাত্রদল ও ছাত্রশিবিরের দাবিগুলো গ্রহণ করা হয়েছে। যেগুলো নির্বাচনের আগে বাস্তবায়ন সম্ভব, সেগুলো বাস্তবায়নের সর্বোচ্চ চেষ্টা করা হবে।”

উল্লেখ্য, আগামী ২৫ সেপ্টেম্বর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে রাকসু নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।