৩৫ বছর পর চাকসু নির্বাচন: উৎসবে মেতে চবি ক্যাম্পাস


Rastrerkotha প্রকাশের সময় : ১৭/০৯/২০২৫, ২:২৭ পূর্বাহ্ণ /
৩৫ বছর পর চাকসু নির্বাচন: উৎসবে মেতে চবি ক্যাম্পাস
8

নিজস্ব প্রতিবেদকঃ

দীর্ঘ ৩৫ বছর পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) অনুষ্ঠিত হতে যাচ্ছে কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচন। ক্যাম্পাসজুড়ে এখন উৎসবমুখর পরিবেশ। যদিও শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষের কারণে সাময়িক ভাটা পড়েছিল, ক্লাস-পরীক্ষা চালু হওয়ার পর শিক্ষার্থীরা আবারও মেতে উঠেছেন নির্বাচনী আলোচনা ও তর্ক-বিতর্কে।

এবারের সপ্তম চাকসু নির্বাচনে একাধিক একক, স্বতন্ত্র ও সমন্বিত প্যানেলে শিক্ষার্থীরা অংশ নেবেন। ইসলামী ছাত্রশিবির, জাতীয়তাবাদী ছাত্রদল, বাগছাস, ছাত্র অধিকার পরিষদ, ইসলামী ছাত্র আন্দোলনসহ বিভিন্ন সংগঠন ইতোমধ্যেই সম্ভাব্য প্রার্থীদের নিয়ে অঙ্ক কষছে।

২ সেপ্টেম্বর প্রকাশিত খসড়া ভোটার তালিকা অনুযায়ী মোট ভোটার ২৫,৮৬৬ জন (পুরুষ ১৫,০২৫, নারী ১০,৮৪১)।
নির্বাচনে অংশগ্রহণের জন্য ডোপ টেস্ট বাধ্যতামূলক। মনোনয়ন দাখিলের সময় মিছিল-শোভাযাত্রা নিষিদ্ধ, তবে সর্বোচ্চ ৫ জন সমর্থক নিয়ে উপস্থিত হওয়া যাবে।

প্রচার-প্রচারণার সময় সকাল ১০টা থেকে রাত ১০টা। প্রচারে সাদা-কালো পোস্টার ব্যবহার করতে হবে, আকার সর্বোচ্চ ৬০×৪৫ সেমি। নির্বাচনের দিন ভোটকেন্দ্রের ১০০ মিটারের মধ্যে ভোটার স্লিপ বিতরণ নিষিদ্ধ। আচরণবিধি ভঙ্গ করলে জরিমানা, প্রার্থিতা বাতিল বা বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার হতে পারে।