
মুহাম্মদ আবু হেলাল, শেরপুর সংবাদদাতা:
শেরপুরে কৃষকের স্বার্থ রক্ষায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অতিরিক্ত দামে সার বিক্রি করায় এক ডিলারকে ১ লাখ টাকা এবং লাইসেন্স ছাড়া সার বিক্রির দায়ে অপর এক ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে সদর উপজেলার আখেরমামুদ বাজারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আব্দুল্লাহ আল মাহমুদ ভুইয়ার নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে এ শাস্তি দেওয়া হয়।
অভিযানে দেখা যায়, আমন মৌসুমকে কেন্দ্র করে কিছু অসাধু ব্যবসায়ী কৃত্রিম সংকট তৈরি করে অতিরিক্ত দামে সার বিক্রি করছেন। প্রমাণ মেলায় বিএডিসির ডিলার মেসার্স মীম এন্টারপ্রাইজকে ১ লাখ টাকা এবং লাইসেন্সবিহীন সার বিক্রির দায়ে শিশির এন্টারপ্রাইজকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে উপস্থিত ছিলেন সদর উপজেলা কৃষি কর্মকর্তা মুসলিমা খানম নীলু, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. আনোয়ার হোসেনসহ অন্যান্য কর্মকর্তা।
কৃষি কর্মকর্তা মুসলিমা খানম নীলু বলেন, “সরকারি নির্ধারিত মূল্যের বাইরে সার বিক্রি করার কোনো সুযোগ নেই। কৃষকের স্বার্থ রক্ষায় অভিযোগ পেলেই ব্যবস্থা নেওয়া হবে।”
ইউএনও মো. আব্দুল্লাহ আল মাহমুদ ভুইয়া জানান, “কৃষি উৎপাদন ব্যাহত করার মতো কোনো অসাধু ব্যবসায়ীকে ছাড় দেওয়া হবে না। কৃষকের স্বার্থ রক্ষায় অভিযান অব্যাহত থাকবে।”
স্থানীয় কৃষকরা প্রশাসনের এ দ্রুত পদক্ষেপকে স্বাগত জানিয়ে বলেন, প্রতি আমন মৌসুমেই কৃত্রিম সংকট তৈরি করে কিছু ব্যবসায়ী তাদের ক্ষতির মুখে ফেলেন। তবে এবার দ্রুত ব্যবস্থা নেওয়ায় তারা স্বস্তি পেয়েছেন।
আপনার মতামত লিখুন :