সাবেক এমপি’র স্ত্রীর বিরুদ্ধে কোটি টাকার আত্মসাতের অভিযোগে ক্ষুব্ধ বিনিয়োগকারীরা


Rastrerkotha প্রকাশের সময় : ১৭/০৮/২০২৫, ১:৪৫ অপরাহ্ণ /
সাবেক এমপি’র স্ত্রীর বিরুদ্ধে কোটি টাকার আত্মসাতের অভিযোগে ক্ষুব্ধ বিনিয়োগকারীরা
83

পঞ্চগড় প্রতিনিধি:

পঞ্চগড়-১ আসনের সাবেক সংসদ সদস্য নাঈমুজ্জামান ভূঁইয়া মুক্তারের স্ত্রী মেজর (অব.) কাজী মৌসুমীর বিরুদ্ধে কোটি টাকার আত্মসাতের অভিযোগ উঠেছে। গ্রীণ মাল্টিপারপাস সোসাইটি লিমিটেড নামের একটি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানে বিনিয়োগ করা শতাধিক ক্ষুদ্র বিনিয়োগকারী অভিযোগ করেছেন, দীর্ঘ চার বছরেও তাদের মূলধন ফেরত পাননি।

রবিবার দুপুরে শহরের বণিক সমিতি কার্যালয়ে সংবাদ সম্মেলনে ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীরা জানান, ২০১০ সালের নভেম্বরে পঞ্চগড় শহরের রৌশনাবাগ এলাকায় গ্রীণ মাল্টিপারপাস সোসাইটি প্রতিষ্ঠিত হয়। সমবায় অধিদপ্তরের অনুমোদন নিয়ে প্রতিষ্ঠানটি ক্ষুদ্রঋণ কার্যক্রম পরিচালনা করছিল। পরে তৎকালীন সংসদ সদস্য মুক্তারের স্ত্রী মেজর (অব.) মৌসুমী চেয়ারম্যানের দায়িত্ব নেন।

২০১৯ সালের আগস্টে পুনরায় চেয়ারম্যান পদে যোগ দেওয়ার পর মৌসুমী ও সংস্থার জিএম এনামুল হক বিনিয়োগকারীদের প্রলোভন দেখান—ব্যাংকের তুলনায় বেশি, অর্থাৎ ১৫ শতাংশ মুনাফা দেওয়া হবে। লিখিত চুক্তির ভিত্তিতে তারা প্রায় ৬৭ লাখ টাকা সংগ্রহ করেন।

কিন্তু বিনিয়োগকারীদের অভিযোগ, এর পর থেকে প্রতিশ্রুতি দিলেও এক টাকাও ফেরত পাননি তারা। বর্তমানে সংস্থার কার্যক্রম বন্ধ, অফিসে তালা ঝুলছে, চেয়ারম্যান ও জিএম উধাও। ভুক্তভোগীদের দাবি, জেলায় প্রায় শতাধিক বিনিয়োগকারীর সাড়ে তিন কোটি টাকা আটকে আছে।

অবসরপ্রাপ্ত সেনা সদস্য আব্দুল মালেক, শামসুল হক, আবুল হাশেমসহ কয়েকজন বলেন, “আমরা সেনাবাহিনীতে চাকরি করেছি বলে মেজর মৌসুমীকে বিশ্বাস করেছি। তিনি নিজ বাড়িতে ডেকে নিয়ে অতিরিক্ত মুনাফার লোভ দেখিয়ে আমাদের কাছ থেকে টাকা নিয়েছেন। এখন আসল টাকাও ফেরত পাচ্ছি না।”

তারা আরও জানান, ইতোমধ্যে জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট দপ্তরে লিখিত অভিযোগ করা হয়েছে এবং মামলা করার প্রস্তুতিও চলছে।

এ বিষয়ে মেজর (অব.) মৌসুমী ও জিএম এনামুল হকের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাদের পাওয়া যায়নি।