‘মওদূদীর ইসলাম’ বলে আলাদা কিছু নেই: জামায়াতের পাল্টা প্রতিবাদ


Rastrerkotha প্রকাশের সময় : ০৭/০৮/২০২৫, ৭:৫৭ পূর্বাহ্ণ /
‘মওদূদীর ইসলাম’ বলে আলাদা কিছু নেই: জামায়াতের পাল্টা প্রতিবাদ
4

রাষ্ট্রের কথা ডেস্কঃ  
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেছেন, ইসলামের প্রকৃত ও একমাত্র উৎস হচ্ছে কুরআন ও সুন্নাহ। জামায়াতে ইসলামী সেই ইসলামের অনুসারী। তাই ‘মওদূদীর ইসলাম’ নামে স্বতন্ত্র কোনো ইসলাম নেই। এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, “গত ৫ আগস্ট চট্টগ্রামের ফটিকছড়ির নাজিরহাটে এক অনুষ্ঠানে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির মাওলানা মুহিব্বুল্লাহ বাবুনগরীর একটি বক্তব্য দৈনিক ইনকিলাবের ৬ আগস্ট সংখ্যায় প্রকাশিত হয়, যেখানে জামায়াতকে ‘ভণ্ড ইসলামী পার্টি’ এবং ‘কাদিয়ানীর চেয়েও নিকৃষ্ট’ বলে আখ্যায়িত করা হয়েছে। আমরা এই কটূক্তিপূর্ণ, বিভ্রান্তিকর ও অসত্য বক্তব্যের তীব্র নিন্দা জানাই।”

তিনি বলেন, “হেফাজতের আমিরের এই মন্তব্য দায়িত্বজ্ঞানহীন এবং ইসলামি দলগুলোর মধ্যে ঐক্য বিনষ্টের অপচেষ্টা ছাড়া কিছুই নয়। এটি উসকানিমূলক, রাজনৈতিক শালীনতা ও ইসলামি মূল্যবোধবিরোধী।”

জুবায়ের আরও বলেন, “জামায়াত ‘মওদূদীর ইসলাম’ প্রতিষ্ঠা করতে চায়—এ বক্তব্য সম্পূর্ণ অসত্য ও উদ্দেশ্যপ্রণোদিত। জাতিকে বিভ্রান্ত করার হীন চেষ্টার অংশ এটি। এ ধরনের মন্তব্য একজন প্রবীণ আলেমের কাছ থেকে কাম্য নয়।”

বিবৃতির শেষে তিনি বলেন, “বর্তমানে জাতীয় ঐক্য সময়ের দাবি। তাই আমরা বিনয়ের সাথে অনুরোধ জানাই, যেন দায়িত্বশীলরা এই ধরনের অসত্য, ভিত্তিহীন ও বিদ্বেষমূলক বক্তব্য পরিহার করেন।”