জুলাই শহীদদের স্মরণে নেত্রকোণা জেলা পরিষদের ব্যতিক্রমী উদ্যোগ


Rastrerkotha প্রকাশের সময় : ০৪/০৮/২০২৫, ১১:৫৪ অপরাহ্ণ /
জুলাই শহীদদের স্মরণে নেত্রকোণা জেলা পরিষদের ব্যতিক্রমী উদ্যোগ

আবুল কালাম, নেত্রকোণা:
জুলাই বিপ্লবে শহীদদের স্মরণে এবং আন্দোলনের চেতনাকে তরুণ সমাজে ছড়িয়ে দিতে নেত্রকোণা জেলা পরিষদ গ্রহণ করেছে ব্যতিক্রমধর্মী উদ্যোগ। স্থানীয় সরকার বিভাগের পরামর্শে এবং জেলা পরিষদের সহযোগিতায় ‘টিম জুলাই’ নামে একটি তরুণ সংগঠনের তিনটি সেরা আইডিয়া বাস্তবায়ন করা হয়।

এই উদ্যোগের আওতায় আয়োজিত হয়-শহীদ পরিবারের সদস্যদের সম্মানে বিশেষ দোয়া অনুষ্ঠান, অসহায় ও হতদরিদ্রদের মাঝে খাবার ও নগদ অর্থ বিতরণ, শহীদদের নামে বৃক্ষরোপণ, এবং ১৭ জন শহীদের নামে ১৭টি সড়কের নামকরণ। গত ২৮ জুলাই শুরু হয়ে ৩৫ জুলাই (৪ আগস্ট) পর্যন্ত চলে এই কার্যক্রম।

জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা শাহ মো. কামরুল হুদা জানান, “স্থানীয় সরকার বিভাগের নির্দেশনায় আমরা ‘টিম জুলাই’-এর সেরা আইডিয়াগুলো বাস্তবায়ন করেছি। বিএডিসির ফার্মে ১৭টি বৃক্ষরোপণ করেছি এবং শহীদদের নাম স্মরণে সড়কগুলোর নামকরণ করেছি। আশা করি, এই উদ্যোগ নতুন প্রজন্মকে জুলাই আন্দোলনের চেতনায় উদ্বুদ্ধ করবে।”

নেত্রকোণা সদর উপজেলার নন্দীপুর গ্রামের শহীদ মো. রমজানের মা মনোয়ারা বেগম আবেগাপ্লুত হয়ে বলেন,
“১৯ জুলাই আমার ছেলে ঢাকার রামপুরায় শহীদ হয়। সরকার তার নামে রাস্তার নামকরণ করেছে, অর্থ সহায়তা দিয়েছে, পাকা ঘর করে দিয়েছে। তবুও আমার হৃদয় শান্ত নয়। আমি চাই, যারা আমার নিরপরাধ ছেলেকে হত্যা করেছে, সরকার যেন তাদের বিচার নিশ্চিত করে। তাহলেই আমার আত্মা শান্তি পাবে।”