খালিয়াজুরীতে বিজ্ঞান মেলায় শিক্ষার্থীদের উদ্ভাবন, জ্বালানির বিকল্প ও দুর্যোগ সতর্কতা যন্ত্রে চমক


Rastrerkotha প্রকাশের সময় : ০৮/০৪/২০২৬, ৮:৩৭ অপরাহ্ণ /
খালিয়াজুরীতে বিজ্ঞান মেলায় শিক্ষার্থীদের উদ্ভাবন, জ্বালানির বিকল্প ও দুর্যোগ সতর্কতা যন্ত্রে চমক
111

আবুল কালাম, স্টাফ রিপোর্টারঃ

নেত্রকোনার খালিয়াজুরী উপজেলায় ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে আয়োজিত বিজ্ঞান মেলায় শিক্ষার্থীদের উদ্ভাবনী প্রকল্প দর্শনার্থীদের মুগ্ধ করেছে। বিশেষ করে জ্বালানির বিকল্প উৎস ও দুর্যোগ পূর্ব সতর্কতা বিষয়ক যন্ত্র তৈরি করে তাক লাগিয়ে দিয়েছে তারা।

মঙ্গলবার (৭ এপ্রিল) উপজেলা পরিষদ মাঠে উপজেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য এ বিজ্ঞান মেলার উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে পৃষ্ঠপোষকতা করে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় এবং তত্ত্বাবধানে ছিল জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর।

মেলার উদ্বোধন করেন খালিয়াজুরী উপজেলার নির্বাহী কর্মকর্তা নাদিম হোসেন শামীম।

এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমির মাওলানা ইসমাইল হোসেন, নেত্রকোনা-৪ আসনের সংসদ সদস্যের প্রতিনিধি জহির আহমেদ জিকু, উপজেলা কৃষি কর্মকর্তা দেলোয়ার হোসেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আজিজেল কদর, জনস্বাস্থ্য উপসহকারী প্রকৌশলী শাকিল আহমেদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রীতিভূষণ দাস এবং খালিয়াজুরী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ গিয়াসউদ্দিন আহমেদসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

উদ্বোধনী বক্তব্যে ইউএনও নাদিম হোসেন শামীম বলেন, হাওর অধ্যুষিত খালিয়াজুরীতে দুর্যোগ পূর্ব প্রস্তুতি নিয়ে শিক্ষার্থীদের তৈরি প্রকল্পটি ছিল ব্যতিক্রমধর্মী। শিক্ষা ও যোগাযোগ খাতে তাদের এসব উদ্ভাবনী উদ্যোগ বাস্তব জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তিনি মেলায় অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীকে ধন্যবাদ জানান।

মেলায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাদের উদ্ভাবিত প্রকল্প প্রদর্শন করে, যা স্থানীয়দের মাঝে ব্যাপক আগ্রহ সৃষ্টি করেছে।