দেবীগঞ্জে চাঁদাবাজ বিটুল যুবদলের কেউ নয় দাবি জেলা যুবদলের


Rastrerkotha প্রকাশের সময় : ২৩/০৩/২০২৬, ৬:৩৮ অপরাহ্ণ /
দেবীগঞ্জে চাঁদাবাজ বিটুল যুবদলের কেউ নয় দাবি জেলা যুবদলের

বদরুদ্দোজা প্রধান, পঞ্চগড় সংবাদদাতাঃ

পঞ্চগড়ের দেবীগঞ্জে চাঁদাবাজির অভিযোগে গণপিটুনির শিকার হয়ে ভাইরাল হওয়া বিটুলকে যুবদলের নেতা হিসেবে প্রচারের প্রতিবাদ জানিয়েছে জেলা যুবদল। দলটির দাবি, বিটুল তাদের কোনো নেতা বা কর্মী নন তিনি স্থানীয় ওয়ার্ড যুবলীগের সহসভাপতি এবং স্বৈরাচারের দোসর।

সোমবার দুপুরে পঞ্চগড় জেলা বিএনপি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি করেন সংগঠনটির সাধারণ সম্পাদক ও সাবেক ছাত্রদল নেতা মো. নুরুজ্জামান বাবু। তিনি বলেন, দেবীগঞ্জ উপজেলার টেপ্রিগঞ্জ ইউনিয়নের রামগঞ্জ বিলাসী এলাকায় ঈদুল ফিতর উপলক্ষে আয়োজিত মেলায় অস্থায়ী দোকান থেকে চাঁদা তুলতে গিয়ে বিটুল স্থানীয় মুসল্লীদের গণপিটুনির শিকার হন। ঘটনাটি সত্য হলেও কিছু গণমাধ্যমে তাঁকে যুবদল নেতা হিসেবে উল্লেখ করা হয়েছে, যা বিভ্রান্তিকর।

নুরুজ্জামান বাবুর আরও বলেন, বিটুল টেপ্রিগঞ্জ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড যুবলীগের সহসভাপতি। তাঁর সঙ্গে যুবদলের কোনো সম্পর্ক নেই। যুবলীগের রাজনীতির সঙ্গে জড়িত একজনকে যুবদলের পরিচয়ে সংবাদ প্রকাশ করা দুঃখজনক।

কোনো ব্যক্তি বা গোষ্ঠী সংগঠনের নাম ব্যবহার করে বেআইনি কর্মকাণ্ড চালাতে পারবে না। দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে প্রযুক্তির মাধ্যমে তৈরি কিছু ছবি ছড়িয়ে তাঁকে যুবদল নেতা হিসেবে উপস্থাপন করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

উল্লেখ্য, গত শনিবার ঈদের নামাজ শেষে রামগঞ্জ বিলাসী এলাকায় একদিনের মেলায় সাংস্কৃতিক অনুষ্ঠানের কথা বলে চাঁদা আদায়ের অভিযোগ ওঠে। এ নিয়ে স্থানীয় ব্যবসায়ী ও মুসল্লীদের ক্ষোভের মুখে বিটুল গণপিটুনির শিকার হন। পরে তাঁকে যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক পরিচয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ও কয়েকটি গণমাধ্যমে সংবাদ ছড়িয়ে পড়ে।

এ ঘটনার প্রেক্ষিতে পঞ্চগড় জেলা যুবদল আনুষ্ঠানিকভাবে সংবাদ সম্মেলন করে দলীয় অবস্থান স্পষ্ট করার পাশাপাশি অভিযুক্তের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে। সংবাদ সম্মেলনে জেলা যুবদলের সভাপতি ফেরদৌস ওয়াহিদ রাসেলসহ যুবদলের  নেতারা উপস্থিত ছিলেন।