বদলি আদেশ অমান্য: ৪১ দিনেও পীরগঞ্জ ছাড়েননি ডা. কামাল আহমেদ


Rastrerkotha প্রকাশের সময় : ২৪/০২/২০২৬, ১:১৪ পূর্বাহ্ণ /
বদলি আদেশ অমান্য: ৪১ দিনেও পীরগঞ্জ ছাড়েননি ডা. কামাল আহমেদ

ঠাকুরগাঁও সংবাদদাতাঃ

সরকারি বদলি আদেশ জারির পরও তা কার্যকর না করে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় বহাল তবিয়তে রয়েছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কামাল আহমেদ। এতে প্রশাসনিক শৃঙ্খলা ও স্বাস্থ্যসেবা ব্যবস্থাপনা নিয়ে স্থানীয় মহলে উঠেছে নানা প্রশ্ন।

তথ্য অনুসন্ধানে জানা যায়, গত ১২ জানুয়ারি স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের পক্ষে পরিচালক (প্রশাসন) স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাকে পার্শ্ববর্তী রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে বদলি করা হয়। প্রজ্ঞাপনে স্পষ্টভাবে উল্লেখ ছিল- ৫ কর্মদিবসের মধ্যে বর্তমান কর্মস্থলের দায়িত্ব হস্তান্তর করে নতুন কর্মস্থলে যোগদান করতে হবে।

কিন্তু নির্ধারিত সময় পেরিয়ে ৪১ দিন অতিবাহিত হলেও তিনি এখনো পীরগঞ্জেই অবস্থান করছেন বলে জানা গেছে।
এ পরিস্থিতিতে ঠাকুরগাঁওয়ের সিভিল সার্জন ডা. মো. আনিসুর রহমান ১৯ ফেব্রুয়ারি ও ২২ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে পৃথক দুটি পত্র জারি করে দ্রুত দায়িত্ব হস্তান্তর ও নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশ দেন। তবে অভিযোগ রয়েছে-ঊর্ধ্বতন কর্তৃপক্ষের এসব নির্দেশনাও কার্যকর হয়নি।

স্থানীয়দের মতে, একজন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা যদি সরকারের লিখিত আদেশ অমান্য করেন, তাহলে প্রশাসনিক শৃঙ্খলা ও জবাবদিহিতা নিয়ে প্রশ্ন উঠাই স্বাভাবিক। বিশেষ করে জেলা সিভিল সার্জনের নির্দেশ বাস্তবায়িত না হওয়া স্বাস্থ্যখাতে শৃঙ্খলার অবস্থানকে আরও প্রশ্নবিদ্ধ করছে।

এদিকে, তার বিরুদ্ধে নিজ বাসভবনে পরিচালিত একটি ডায়াগনস্টিক সেন্টারসহ কয়েকটি বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে কমিশনভিত্তিক আর্থিক সংশ্লিষ্টতার অভিযোগও রয়েছে। যদিও এসব অভিযোগের বিষয়ে তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।
স্থানীয় সুশীল সমাজের দাবি-সরকারি আদেশ অমান্য, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ অগ্রাহ্য এবং সম্ভাব্য স্বার্থসংঘাতের অভিযোগের নিরপেক্ষ তদন্ত করে দ্রুত ব্যবস্থা নেওয়া হোক।

অন্যথায় স্বাস্থ্যখাতে শৃঙ্খলা ভেঙে পড়ার আশঙ্কা রয়েছে।
প্রশাসনের কঠোর ও দৃশ্যমান হস্তক্ষেপ এখন সময়ের দাবি-নচেৎ সরকারি “আদেশ” কেবল কাগজেই সীমাবদ্ধ থাকবে, বাস্তবে নয়।