চিরিরবন্দরে নবনির্বাচিত এমপির সাথে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত


Rastrerkotha প্রকাশের সময় : ২১/০২/২০২৬, ৮:৩১ অপরাহ্ণ /
চিরিরবন্দরে নবনির্বাচিত এমপির সাথে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত
Please activate your license to use Post PrintShare Pro features.

পি. কে. রায়, বিশেষ সংবাদদাতাঃ

চিরিরবন্দর উপজেলায় নবনির্বাচিত সংসদ সদস্যের সঙ্গে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। দিনাজপুর-৪ (খানসামা-চিরিরবন্দর) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব মো. আখতারুজ্জামান মিয়ার সঙ্গে উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা এতে অংশ নেন।

শনিবার (২১ ফেব্রুয়ারি) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে ইছমতি সভাকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাতেহা তুজ জোহরা। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য আলহাজ্ব মো. আখতারুজ্জামান মিয়া।

মতবিনিময় সভায় সংসদ সদস্য বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে পরিচিত হন এবং তাদের চলমান কার্যক্রম সম্পর্কে অবহিত হন। তিনি উপজেলার সার্বিক উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা ও জনসেবার মানোন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।

তিনি বলেন, “জনগণের প্রত্যাশা পূরণে সকলকে আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।” পাশাপাশি প্রতিটি দপ্তরকে স্বচ্ছতা ও জবাবদিহিতার ভিত্তিতে আইন অনুযায়ী স্বাধীনভাবে সেবা প্রদান এবং দায়িত্বশীলতার সঙ্গে কার্যক্রম বাস্তবায়নের নির্দেশনা দেন।

সরকারের উন্নয়ন কার্যক্রম তৃণমূল পর্যায়ে পৌঁছে দিতে প্রশাসন ও জনপ্রতিনিধিদের সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করে তিনি দল-মত নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে দেশের অগ্রযাত্রা অব্যাহত রাখার আহ্বান জানান।

সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহানা আফরোজ, উপজেলা কৃষি কর্মকর্তা জোহরা সুলতানা, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা রায়হান আলী, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. হামিদুর রহমান, আব্দুলপুর ইউপি চেয়ারম্যান মো. মঈন উদ্দীন, ভিয়াইল ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক শাহ, আইডিয়াল রেসিডেন্সিয়াল মডেল স্কুলের পরিচালক মোমিনুল ইসলাম মমিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. ফজলে এলাহী, চিরিরবন্দর মেহের হোসেন রেসিডেন্সিয়াল মডেল স্কুলের অধ্যক্ষ মিজানুর রহমান, চিরিরবন্দর থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহামুদুন্নবী, উপজেলা একাডেমিক সুপারভাইজার প্রাণকৃষ্ণ ঘরামীসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণমাধ্যমকর্মীরা।

সভার মূল উদ্দেশ্য ছিল চলমান শিক্ষা ও স্বাস্থ্য খাতের উন্নয়ন কার্যক্রম, বিভিন্ন প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা এবং দপ্তরগুলোর মধ্যে প্রয়োজনীয় সমন্বয় বৃদ্ধি করা।