নবম পে-স্কেলের দাবিতে পঞ্চগড়ে সরকারি কর্মচারীদের বিক্ষোভ ও অবস্থান


Rastrerkotha প্রকাশের সময় : ০৩/০২/২০২৬, ৮:৩৫ অপরাহ্ণ /
নবম পে-স্কেলের দাবিতে পঞ্চগড়ে সরকারি কর্মচারীদের বিক্ষোভ ও অবস্থান
63

স্নিগ্ধা খন্দকার, স্টাফ রিপোর্টার:

নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে পঞ্চগড়ে সরকারি কর্মচারীরা বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছেন। বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী অ্যাসোসিয়েশনের উদ্যোগে জাতীয় বেতন কমিশন ২০২৫-এর সুপারিশ অনুযায়ী নবম পে-স্কেল ঘোষণা ও গেজেট প্রকাশের দাবিতে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

১ ফেব্রুয়ারি থেকে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত প্রতিদিন সকাল সাড়ে ৯টা থেকে ১১টা পর্যন্ত দুই ঘণ্টা করে কর্মসূচি পালনের অংশ হিসেবে মঙ্গলবার পঞ্চগড় জেলা চতুর্থ শ্রেণীর সরকারি কর্মচারী সমিতি এ কর্মসূচির আয়োজন করে।

সকালে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পঞ্চগড় চৌরঙ্গী মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে অবস্থান কর্মসূচি পালন করা হয়।

অবস্থান কর্মসূচিতে বক্তব্য দেন জেলা শাখার সভাপতি নূরে আলম, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক আমিনুর রহমান। বক্তারা বলেন, বর্তমান বাজার পরিস্থিতিতে চতুর্থ শ্রেণীর সরকারি কর্মচারীরা চরম মানবেতর জীবনযাপন করছেন। দীর্ঘদিন ধরে দাবি জানানো হলেও এখনো নতুন বেতন কাঠামো বাস্তবায়ন হয়নি।

তারা অবিলম্বে নবম পে-স্কেল ঘোষণা ও গেজেট প্রকাশের দাবি জানিয়ে বলেন, দাবি আদায় না হলে ভবিষ্যতে আরও কঠোর আন্দোলন কর্মসূচি দেওয়া হবে। এ সময় বিভিন্ন ইউনিটের চতুর্থ শ্রেণীর সরকারি কর্মচারীরা উপস্থিত থেকে কর্মসূচির প্রতি সংহতি জানান।