বিদেশ থেকে নয়, বাংলাদেশ চলবে জনগণের সিদ্ধান্তে: সারজিস আলম


Rastrerkotha প্রকাশের সময় : ২৬/০১/২০২৬, ৬:২৭ অপরাহ্ণ /
বিদেশ থেকে নয়, বাংলাদেশ চলবে জনগণের সিদ্ধান্তে: সারজিস আলম
92

বদরুদ্দোজা প্রধান, পঞ্চগড় সংবাদদাতাঃ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক ও পঞ্চগড়-১ আসনের ১১ দলীয় জোটের প্রার্থী সারজিস আলম বলেছেন, দেশের বাইরে বসে বাংলাদেশের রাজনীতি ও ভাগ্য নির্ধারণের সময় শেষ। এখন এই দেশের ভবিষ্যৎ কোন পথে যাবে, সে সিদ্ধান্ত নেবে দেশের মানুষ বিশেষ করে তরুণ প্রজন্ম।

সোমবার (২৬ জানুয়ারি) দুপুরে পঞ্চগড় পৌরসভার তুলারডাঙ্গা এলাকায় নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে গণসংযোগ ও উঠান বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

এর আগে সকাল থেকে পৌরসভার বিভিন্ন এলাকায় সরাসরি ভোটারদের সঙ্গে দেখা করেন সারজিস আলম। এ সময় তিনি সাধারণ মানুষের সমস্যা, প্রত্যাশা ও মতামত শোনেন এবং নির্বাচনী অঙ্গীকার তুলে ধরেন।

সারজিস আলম বলেন, বিদেশে বসে বাংলাদেশের রাজনীতি নিয়ন্ত্রণের চেষ্টা আর চলবে না। এ দেশের তরুণ সমাজ এখন সচেতন ও সংগঠিত। প্রয়োজনে তারা নিজেদের অধিকার আদায়ে মাঠে নামতে প্রস্তুত রয়েছে। দেশের ভবিষ্যৎ নির্ধারণের অধিকার একমাত্র জনগণের।

নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, প্রশাসনসহ সব রাজনৈতিক দলের সম্মিলিত দায়িত্ব হলো একটি অবাধ, সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচন নিশ্চিত করা। গ্রহণযোগ্য নির্বাচনের মধ্য দিয়েই দেশে গণতান্ত্রিক ধারাবাহিকতা বজায় রাখা সম্ভব।

তরুণদের ভূমিকার কথা তুলে ধরে তিনি বলেন, পঞ্চগড়সহ সারা দেশের তরুণরা অতীতেও অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার ছিল। আগামীতেও তারা অন্যায়ের নয়, ন্যায়ের পক্ষে অবস্থান নেবে।

ভোটারদের উদ্দেশে প্রশ্ন তুলে সারজিস আলম বলেন, আগামী বাংলাদেশ কারা গড়বে যারা ক্ষমতার অপব্যবহার, চাঁদাবাজি ও হয়রানির রাজনীতি করেছে, নাকি যারা ইনসাফ ও ন্যায়ের কথা বলেছে? তিনি জানান, নির্বাচিত হলে প্রশাসন থেকে শুরু করে সব স্তরে ক্ষমতার অপব্যবহার বন্ধ করে জনগণের সঙ্গে ন্যায়ভিত্তিক আচরণ নিশ্চিত করা হবে।

ভোটের মাঠের পরিস্থিতি সম্পর্কে তিনি বলেন, সাধারণ মানুষের সাড়া স্পষ্ট। ভোটাররা প্রকাশ্যে কম কথা বললেও ভোটের দিন ব্যালটের মাধ্যমেই তাদের অবস্থান জানিয়ে দেবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। আগামী ১২ ফেব্রুয়ারি একটি গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হলে শুধু পঞ্চগড়-১ নয়, সারা দেশেই ১১ দলীয় জোটের শক্ত অবস্থান তৈরি হবে বলেও মন্তব্য করেন তিনি।

বিএনপির অভিযোগ প্রসঙ্গে সারজিস আলম বলেন, নিজেদের রাজনৈতিক ব্যর্থতা আড়াল করতেই প্রশাসনের ওপর দোষ চাপানো হচ্ছে। এটিকে তিনি ‘ব্লেম গেম’ বলে উল্লেখ করেন।
গণসংযোগ ও উঠান বৈঠকে ১১ দলীয় জোটের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, জুলাই আন্দোলনের সমন্বয়ক, এনসিপির কর্মী এবং স্থানীয় ভোটাররা উপস্থিত ছিলেন।