রঙিন স্বপ্ন দেখালেই চলবে না, জনগণ সব বোঝে: ডা. শফিকুর রহমান


Rastrerkotha প্রকাশের সময় : ২৪/০১/২০২৬, ৫:২০ অপরাহ্ণ /
রঙিন স্বপ্ন দেখালেই চলবে না, জনগণ সব বোঝে: ডা. শফিকুর রহমান
69

বগুড়া সংবাদদাতাঃ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, যারা নিজেদের দলের লোকদের পাথর মেরে হত্যা, চাঁদাবাজি, দখলবাজি, মামলাবাজি, দুর্নীতি, সন্ত্রাস এবং গাড়িচাপা দিয়ে মানুষ হত্যার মতো অপরাধ বন্ধ করতে পারে না, তারা কখনোই জাতিকে আগামীর বাংলাদেশ উপহার দিতে পারবে না। এ ধরনের রাজনীতিকরা যত রঙিন স্বপ্নই দেখাক না কেন, জনগণ তাদের আসল উদ্দেশ্য ভালোভাবেই বোঝে।

শনিবার (২৪ জানুয়ারি) দুপুরে বগুড়ার শেরপুর উপজেলার মহিপুর কলোনী খেলার মাঠে উপজেলা জামায়াতের আয়োজনে এক নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, বাংলাদেশ মুসলমান, হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান-সব ধর্মের মানুষের দেশ। এমন একটি শান্তিপূর্ণ ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়তে ১০ দলীয় জোটের প্রতীকের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে এবং গণভোটে ‘হ্যাঁ’ ও দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিতে হবে। জামায়াতে ইসলামী নারীদের সম্মানের সর্বোচ্চ জায়গায় রাখতে চায়। কর্মক্ষেত্রে নারীরা সম্মানের সঙ্গে দায়িত্ব পালন করবেন এবং তাদের শতভাগ নিরাপত্তা নিশ্চিত করা হবে। পাশাপাশি রাস্তাঘাটে চলাচলের ক্ষেত্রেও নারীদের নিরাপত্তা নিশ্চিত করার অঙ্গীকার করেন তিনি।

তিনি বলেন, বারবার ষড়যন্ত্র করে উত্তরাঞ্চলের মানুষকে বঞ্চিত করা হয়েছে। আগামীতে জামায়াতের নেতৃত্বে সৎ, দক্ষ ও দেশপ্রেমিক নেতৃত্ব প্রতিষ্ঠা করা হবে। চুরি ও দুর্নীতিকে কোনোভাবেই প্রশ্রয় দেওয়া হবে না। নদীগুলোকে ধ্বংস করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, আমাদের জোট ক্ষমতায় গেলে শুধু নদী নয়, উত্তরাঞ্চলের মানুষের জীবনও প্রাণচাঞ্চল্যে ভরে উঠবে।

বিএনপির ফ্যামিলি কার্ড দেওয়ার প্রতিশ্রুতির সমালোচনা করে জামায়াত আমির বলেন, আমরা কোনো কার্ডের রাজনীতি করি না। দুই হাজার টাকা দিয়ে একটি পরিবারের সমস্যার স্থায়ী সমাধান সম্ভব নয়। আমাদের কাছে কোনো কার্ড নেই-আমরা জনগণের ভালোবাসা ও আস্থার কার্ড চাই।

ডা. শফিকুর রহমান আরও বলেন, মহান আল্লাহর ওপর ভরসা করে বলতে চাই-উত্তরবঙ্গের চেহারা বদলে দিতে পাঁচটি বছরই যথেষ্ট। আমরা যদি কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করি, তাহলে ইনশাল্লাহ উত্তরবঙ্গের চেহারা বদলে যাবে। এ অঞ্চলের মাটি উর্বর, এখানে পিছিয়ে থাকার কোনো কারণ নেই।

পরিকল্পিতভাবে এই অঞ্চলকে বঞ্চিত করে রাখা হয়েছে পথসভা শেষে তিনি বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনের ১০ দলীয় জোটের প্রার্থী মাওলানা দবিবুর রহমানের হাতে দাঁড়িপাল্লা প্রতীক তুলে দিয়ে পরিচয় করিয়ে দেন এবং তাকে বিজয়ী করতে দাঁড়িপাল্লা মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানান।

শেরপুর উপজেলা জামায়াতের আমির মাওলানা দবিবুর রহমানের সভাপতিত্বে এবং উপজেলা জামায়াতের সেক্রেটারি আব্দুল্লাহ আল মোস্তাফিধ নাসিমের সঞ্চালনায় পথসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম, বগুড়া জেলা জামায়াতের আমির অধ্যক্ষ আব্দুল হক, সেক্রেটারি মাওলানা মানছুরুর রহমান, ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় স্পোর্টস সম্পাদক হারুনুর রশীদ রাফি, রাজশাহী বিশ্ববিদ্যালয় শিবিরের সভাপতি মুজাহিদ ফয়সাল, এসিপির উত্তরাঞ্চল যুগ্ম মুখ্য সংগঠক সাকিব মাহাদি এবং বগুড়া জেলা পূর্বের সভাপতি জোবায়ের আহমেদসহ অন্যান্য নেতৃবৃন্দ।