পঞ্চগড়-২ আসনে ভোটকেন্দ্র স্থানান্তরের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন


Rastrerkotha প্রকাশের সময় : ১৪/০১/২০২৬, ১০:৩২ অপরাহ্ণ /
পঞ্চগড়-২ আসনে ভোটকেন্দ্র স্থানান্তরের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন
60

বদরুদ্দোজা প্রধান, পঞ্চগড় সংবাদদাতাঃ

পঞ্চগড়-২ সংসদীয় আসনে একটি ভোটকেন্দ্র স্থানান্তরের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির অভিযোগ, বিএনপি মনোনীত প্রার্থী ফরহাদ হোসেন আজাদের মায়ের নামে প্রতিষ্ঠিত একটি শিক্ষা প্রতিষ্ঠানে ভোটকেন্দ্র স্থানান্তর করে নির্বাচনকে প্রভাবিত করার অপচেষ্টা চলছে।

গত বুধবার বিকেলে পঞ্চগড়ের বোদা উপজেলার সাকোয়া বাজারে দাঁড়িপাল্লা মার্কার নির্বাচনী কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন জেলা জামায়াতে ইসলামীর কর্মপরিষদের সদস্য এবং পঞ্চগড়-২ আসনের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব আবুল বাসার বসুনিয়া।

লিখিত বক্তব্যে তিনি বলেন, পাঁচপীর ইউনিয়নের জয়কৃষ্ণ বলহরি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দীর্ঘদিন ধরে ভোটাররা ভোট প্রদান করে আসছেন। ইসলামপুর এলাকার ৪ নম্বর ওয়ার্ডে অবস্থিত এই কেন্দ্রটিতে মোট ভোটার সংখ্যা এক হাজার ৪১ জন। কিন্তু বিএনপি প্রার্থীর আবেদনের পর কেন্দ্রটি তার বাড়ির পাশের মেনাগ্রাম এলাকায় অবস্থিত ‘বেগম ফেরদৌসি হাফেজিয়া ফোরকানিয়া মাদ্রাসা ও এতিমখানা’য় স্থানান্তর করা হয়েছে, যেখানে ভোটার সংখ্যা মাত্র ৪৩৬ জন।

আবুল বাসার বসুনিয়া অভিযোগ করেন, ভোটারদের ভোগান্তিতে ফেলা, নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করা এবং অন্য প্রার্থীদের এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেওয়ার উদ্দেশ্যেই এই ভোটকেন্দ্র পরিবর্তন করা হয়েছে। তিনি জানান, বিষয়টি পুনর্বিবেচনার দাবিতে উপজেলা নির্বাচন অফিসারের কাছে গণস্বাক্ষর সংযুক্ত করে আবেদন জমা দেওয়া হয়েছে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বোদা উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা তসলিম উদ্দীন, জেলা জামায়াতে ইসলামীর শুরা সদস্য হাসিনুর রহমান, সংগঠনের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ এবং স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।