বারহাট্রায় জামায়াতকে জড়িয়ে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন মর্মে প্রকাশিত সংবাদের প্রতিবাদ


Rastrerkotha প্রকাশের সময় : ১৪/০১/২০২৬, ৭:৫১ অপরাহ্ণ /
বারহাট্রায় জামায়াতকে জড়িয়ে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন মর্মে প্রকাশিত সংবাদের প্রতিবাদ
69

নেত্রকোনা সংবাদদাতাঃ

নেত্রকোনার বারহাট্রা উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীকে জড়িয়ে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে প্রকাশিত কয়েকটি সংবাদকে ভিত্তিহীন, উদ্দেশ্যপ্রণোদিত ও বিভ্রান্তিকর বলে প্রতিবাদ জানিয়েছে সংগঠনটি।

প্রতিবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ১৩ জানুয়ারি রাতে সানোয়ার হোসেন নামে জামায়াতের একজন শুভাকাঙ্ক্ষী তাঁর ব্যক্তিগত অর্থায়নে এবং নিজ উদ্যোগে প্রতিবছরের ন্যায় এ বছরও শীতার্ত ও হতদরিদ্র মানুষের মাঝে কম্বল বিতরণ করেন। তিনি পেশাগত কারণে ময়মনসিংহে বসবাস করলেও মানবিক দায়িত্ববোধ থেকে বারহাট্রা উপজেলার আসমা ইউনিয়নের কিছু অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করেন।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, উক্ত কার্যক্রমের সঙ্গে বাংলাদেশ জামায়াতে ইসলামী বা এর কোনো অঙ্গসংগঠনের কোনো ধরনের সংশ্লিষ্টতা নেই। কিন্তু একটি কুচক্রী মহল ব্যক্তি উদ্যোগে পরিচালিত এই মানবিক কার্যক্রমকে জামায়াতের নির্বাচনী প্রচারণা হিসেবে উপস্থাপন করে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ তুলেছে, যা সম্পূর্ণ মিথ্যা ও বিভ্রান্তিকর।
এ বিষয়ে চ্যানেল ৭১, ডিবিসি, চ্যানেল এসসহ কয়েকটি গণমাধ্যমে সংবাদ প্রচার হওয়ায় গভীর উদ্বেগ ও দুঃখ প্রকাশ করে জামায়াত নেতারা বলেন, এসব সংবাদ জামায়াতকে হেয় প্রতিপন্ন করা এবং সংগঠনের নির্বাচনী ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা মাত্র।

প্রতিবাদ বিজ্ঞপ্তিতে সাংবাদিকদের প্রতি আহ্বান জানিয়ে বলা হয়, ভবিষ্যতে বস্তুনিষ্ঠ, যাচাই-বাছাই করা ও সঠিক তথ্যের ভিত্তিতে সংবাদ পরিবেশন করার জন্য অনুরোধ জানানো হচ্ছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী সবসময় আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং শতভাগ নির্বাচনী আচরণবিধি মেনেই কার্যক্রম পরিচালনা করে আসছে।

বিজ্ঞপ্তিতে আরও অভিযোগ করা হয়, কোথাও কোথাও দোয়া মাহফিল ও ফ্যামিলি কার্ড বিতরণের নামে প্রকাশ্য নির্বাচনী প্রচারণা চালানো হলেও সেসব বিষয়ে গণমাধ্যম নীরব ভূমিকা পালন করছে। অথচ ব্যক্তি উদ্যোগে মানবিক সহায়তাকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে জামায়াতের সঙ্গে জড়িয়ে সংবাদ প্রকাশ করা হচ্ছে, যা অনাকাঙ্ক্ষিত ও অনভিপ্রেত।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর বারহাট্রা উপজেলা শাখার সেক্রেটারি মোঃ আব্দুল বাছির ১৪ জানুয়ারি বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ প্রতিবাদ জানান