টাঙ্গাইল-৬ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী আতিক, বিএনপির জন্য বাড়ছে চ্যালেঞ্জ


Rastrerkotha প্রকাশের সময় : ১২/০১/২০২৬, ৫:২২ অপরাহ্ণ /
টাঙ্গাইল-৬ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী আতিক, বিএনপির জন্য বাড়ছে চ্যালেঞ্জ
76

টাঙ্গাইল সংবাদদাতাঃ

টাঙ্গাইল-৬ (দেলদুয়ার–নাগরপুর) সংসদীয় আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনী মাঠে সক্রিয় উপস্থিতি দেখাচ্ছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সহ-সভাপতি, শহীদ শামসুজ্জোহা হল ছাত্রদল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক সভাপতি, বিশিষ্ট সমাজসেবক, শিক্ষানুরাগী ও শিল্পপতি মো. আতিকুর রহমান আতিক। যাচাই-বাছাই শেষে নির্বাচন কমিশন ইতোমধ্যে তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে।

জানা গেছে, মো. আতিকুর রহমান আতিক বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর দলীয় মনোনয়ন প্রত্যাশী ছিলেন। তবে চূড়ান্ত মনোনয়ন বণ্টনে মনোনয়ন না পাওয়ায় সাধারণ ভোটার ও তৃণমূল নেতাকর্মীদের জোরালো দাবির মুখে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেন।

নির্বাচনী প্রচারণায় তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা রাষ্ট্র সংস্কার রূপরেখার লিফলেট হাতে নিয়ে দেলদুয়ার ও নাগরপুর উপজেলার বিভিন্ন ইউনিয়ন, ওয়ার্ড ও গ্রাম পর্যায়ে ব্যাপক গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। এতে সাধারণ ভোটারদের পাশাপাশি বিএনপির তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের মধ্যেও তার প্রতি উল্লেখযোগ্য সমর্থন লক্ষ্য করা যাচ্ছে।

এ আসনে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি, কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ-সভাপতি ও কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রবিউল আউয়াল লাভলু। দলীয় সূত্রে জানা গেছে, এ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ছিলেন ১০ জনেরও বেশি প্রার্থী। মনোনয়ন বঞ্চিত অনেক প্রার্থীর কর্মী-সমর্থকদের একটি বড় অংশ বর্তমানে স্বতন্ত্র প্রার্থী আতিকের পক্ষে অবস্থান নিয়েছেন।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ক্লিন ইমেজ, ধারাবাহিক গণসংযোগ এবং শক্ত সাংগঠনিক সমর্থনের কারণে মো. আতিকুর রহমান আতিক নির্বাচনী সমীকরণে বিএনপির জন্য বড় ধরনের চ্যালেঞ্জ হয়ে উঠতে পারেন। বিশেষ করে নাগরপুর উপজেলার দক্ষিণ নাগরপুর, দপ্তিয়র, সলিমাবাদ, বেকড়া, ধুবুড়িয়া ও ভাদ্রা ইউনিয়নে তার শক্ত ভোট ব্যাংক রয়েছে বলে ধারণা করা হচ্ছে।

এদিকে আতিকের সমর্থক ও তৃণমূল নেতাকর্মীরা দাবি করছেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হবেন। মাঠপর্যায়ের জনসমর্থন ও গণসংযোগ তাদের এই দাবিকে জোরালো করছে বলেও তারা মন্তব্য করেন।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মো. আতিকুর রহমান আতিক বলেন, “অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হলে আমি বিপুল ভোটে নির্বাচিত হবো। নির্বাচিত হলে টাঙ্গাইল-৬ দেলদুয়ার–নাগরপুর আসনের ধর্ম-বর্ণ নির্বিশেষে সর্বস্তরের মানুষের জীবনমান উন্নয়নে কাজ করবো।”

প্রতীক বরাদ্দের পর আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তার পক্ষে ভোট দেওয়ার জন্য সকল ভোটারের প্রতি তিনি উদাত্ত আহ্বান জানান।