শিগগিরই বিএনপি চেয়ারপারসনের দায়িত্ব নেবেন তারেক রহমান


Rastrerkotha প্রকাশের সময় : ০৪/০১/২০২৬, ৯:৩২ অপরাহ্ণ /
শিগগিরই বিএনপি চেয়ারপারসনের দায়িত্ব নেবেন তারেক রহমান

অনলাইন ডেস্কঃ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান খুব শিগগিরই দলটির চেয়ারপারসনের দায়িত্ব গ্রহণ করবেন বলে জানিয়েছেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, “দুই-এক দিনের মধ্যেই তারেক রহমান চেয়ারম্যান পদে অধিষ্ঠিত হবেন।”

রোববার (৪ জানুয়ারি) সন্ধ্যায় সিলেটে গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন। এর আগে হযরত শাহজালাল (রহ.) ও শাহপরান (রহ.) এর মাজার জিয়ারত করেন তিনি।

মির্জা ফখরুল জানান, সিলেট থেকেই এবারের নির্বাচনি প্রচার কার্যক্রম শুরু করবে বিএনপি। তিনি বলেন, “এই নির্বাচন জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষ দীর্ঘদিন ধরে তাদের ভোটাধিকার থেকে বঞ্চিত ছিলেন।”

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি আরও বলেন, “গণতান্ত্রিক লড়াইয়ের মধ্য দিয়েই রাজকীয়ভাবে প্রস্থান করেছেন খালেদা জিয়া। তার স্বপ্ন ছিল একটি প্রকৃত গণতান্ত্রিক বাংলাদেশ গঠন করা আমরাও সেই আশায় এগিয়ে যাচ্ছি।”

রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়ে মহাসচিব বলেন, “আমরা যে সুযোগ পেয়েছি, তা কাজে লাগাতে হবে। গণতন্ত্র একদিনে প্রতিষ্ঠা পায় না, গণতান্ত্রিক সংস্কৃতিও একদিনে গড়ে ওঠে না।

এ সময় তিনি গণতান্ত্রিক সংসদ গঠনের প্রত্যয় ব্যক্ত করেন।