যশোরে ছুরিকাঘাতে আহত জুলাই আন্দোলনে গুলিবিদ্ধ এনাম সিদ্দিকী


Rastrerkotha প্রকাশের সময় : ০৪/০১/২০২৬, ৯:২৩ অপরাহ্ণ /
যশোরে ছুরিকাঘাতে আহত জুলাই আন্দোলনে গুলিবিদ্ধ এনাম সিদ্দিকী
45

যশোর সংবাদদাতাঃ

জুলাই আন্দোলনে গুলিবিদ্ধ যশোরের এনাম সিদ্দিকীকে ছুরিকাঘাত করেছে দুর্বৃত্তরা। রোববার সকালে যশোর সদর উপজেলার হৈবতপুর ইউনিয়নের এনায়েতপুর গ্রামে এ ঘটনা ঘটে। আহত এনাম সিদ্দিকীকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি ওই গ্রামের খন্দকার আমিনুল্লাহর ছেলে।

স্বজনদের বরাতে জানা গেছে, রোববার সকাল সাড়ে আটটার দিকে প্রতিদিনের মতো প্রাতঃভ্রমণে বের হন এনাম সিদ্দিকী। পথে এনায়েতপুর পীরবাড়ির সামনে অজ্ঞাত দুই ব্যক্তি তার গতিরোধ করে। একপর্যায়ে তারা প্রথমে লাঠি দিয়ে মাথায় আঘাত করে এবং পরবর্তীতে বুকের ডান পাশে, বাম হাত ও কাঁধে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকে। পরে রক্তাক্ত অবস্থায় পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. বিচিত্র মল্লিক জানান, এনাম সিদ্দিকীর শরীরের কয়েকটি স্থানে জখমের চিহ্ন রয়েছে। তবে তিনি এখন আশঙ্কামুক্ত এবং চিকিৎসাধীন রয়েছেন।

এ ঘটনায় এলাকায় চরম উদ্বেগ ও আতঙ্ক সৃষ্টি হয়েছে। হামলার খবর পেয়ে বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। তার নির্দেশে স্থানীয় নেতাকর্মীরা হাসপাতালে গিয়ে চিকিৎসার খোঁজখবর নেন।

ভুক্তভোগীর পরিবারের দাবি দ্রুত হামলাকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনা হোক।

এ বিষয়ে কোতোয়ালি থানার ইন্সপেক্টর (তদন্ত) কাজী বাবুল জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। হামলায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।