এভারকেয়ার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন খালেদা জিয়া


Rastrerkotha প্রকাশের সময় : ৩০/১২/২০২৫, ৮:৪৮ পূর্বাহ্ণ /
এভারকেয়ার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন খালেদা জিয়া
86

নিজস্ব সংবাদদাতাঃ

সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল ৬টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

তার মৃত্যু সংবাদটি নিশ্চিত করেছেন ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

মৃত্যুর সময় হাসপাতালে উপস্থিত ছিলেন তার জ্যেষ্ঠ ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, পুত্রবধূ ডা. জোবায়দা রহমান, নাতনী জাইমা রহমান, ছোট ছেলের স্ত্রী শার্মিলী রহমান সিঁথি, ছোট ভাই শামীম এসকান্দার ও তার স্ত্রী, বড় বোন সেলিনা ইসলামসহ পরিবারের অন্যান্য সদস্যরা। এছাড়া বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং তার চিকিৎসায় গঠিত মেডিক্যাল বোর্ডের চিকিৎসকরাও এসময় সেখানে উপস্থিত ছিলেন।

বিএনপি সূত্র জানায়, বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরে নানা জটিল রোগে ভুগছিলেন। হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হলে তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। কয়েকদিন ধরেই তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রেখে চিকিৎসা দেওয়া হচ্ছিল।

তার নামাজে জানাজার সময়সূচি পরে জানিয়ে দেওয়া হবে বলে দলীয় সূত্র জানিয়েছে। দেশের রাজনীতিতে ‘আপসহীন নেত্রী’ হিসেবে পরিচিত বেগম খালেদা জিয়ার মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনে নেমে এসেছে গভীর শোকের ছায়া। সামরিক শাসনবিরোধী আন্দোলন, গণতন্ত্র পুনরুদ্ধার এবং নারী নেতৃত্বের উত্থানে তার ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ। তিনবারের সাবেক এই প্রধানমন্ত্রীর ইন্তেকালে দেশের গণতান্ত্রিক ইতিহাসে একটি অধ্যায়ের পরিসমাপ্তি ঘটলো।