পঞ্চগড়ে হোমিও চিকিৎসার নামে ভেজাল ফুড সাপ্লিমেন্ট ব্যবসা, জরিমানা ৪০ হাজার টাকা


Rastrerkotha প্রকাশের সময় : ১৮/১২/২০২৫, ৫:৪৯ অপরাহ্ণ /
পঞ্চগড়ে হোমিও চিকিৎসার নামে ভেজাল ফুড সাপ্লিমেন্ট ব্যবসা, জরিমানা ৪০ হাজার টাকা
137

পঞ্চগড় সংবাদদাতাঃ

পঞ্চগড়ে হোমিও চিকিৎসার আড়ালে ভেজাল ও অবৈধ ফুড সাপ্লিমেন্ট বিক্রির অভিযোগে এক হোমিও চিকিৎসককে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় ফুড সাপ্লিমেন্ট জব্দ করা হয় এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে পঞ্চগড় শহরের বানিয়াপট্টি এলাকায় অবস্থিত রায় হোমিও হল ও অপুলেন্ট ই-কমার্স ইন্টারন্যাশনাল-এর গুদামে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে জরিমানাপ্রাপ্ত চিকিৎসকের নাম সত্যেন্দ্রনাথ রায়। অনিয়মের দায়ে তাকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পঞ্চগড় জেলা কার্যালয়ের সহকারী পরিচালক এ. এস. এম. মাসুম-উদ-দৌলা অভিযানে নেতৃত্ব দেন। এ সময় সিভিল সার্জনের প্রতিনিধি ডা. মাসুদ হাসান ও জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা জয় চন্দ্র বর্মন উপস্থিত ছিলেন।

অভিযান সূত্রে জানা যায়, অপুলেন্ট ই-কমার্স ইন্টারন্যাশনালের অন্তত ১৩ ধরনের ফুড সাপ্লিমেন্ট পণ্য ওষুধ হিসেবে বিক্রি করা হচ্ছিল, যেগুলোর অধিকাংশের কোনো বৈধ কাগজপত্র ছিল না। পণ্যের গায়ে মূল্য উল্লেখ ছিল না। এছাড়া মসলা জাতীয় পণ্য হিসেবে বাজারজাত করা হলুদের গুড়ায় চক পাউডারের উপস্থিতি পাওয়া যায়।

এসব অনিয়মের প্রমাণ পাওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪৫ ধারায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়।

স্থানীয়দের অভিযোগ, সত্যেন্দ্রনাথ রায় দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ চক্রের মাধ্যমে ভারতীয় প্রতিষ্ঠান অপুলেন্ট ই-কমার্স ইন্টারন্যাশনালের ফুড সাপ্লিমেন্টকে সব রোগের কার্যকর ওষুধ হিসেবে প্রচার করে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করে আসছিলেন। অবৈধ এসব পণ্য উচ্চমূল্যে বিক্রি করে বিপুল অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে।

এ বিষয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক এ. এস. এম. মাসুম-উদ-দৌলা বলেন, “ফুড সাপ্লিমেন্টকে ওষুধ হিসেবে প্রচার ও বিক্রির কোনো সুযোগ নেই। পণ্যগুলোর বৈধতার পক্ষে তাৎক্ষণিক কোনো সন্তোষজনক প্রমাণ পাওয়া যায়নি। সংশ্লিষ্ট পক্ষকে প্রয়োজনীয় কাগজপত্র উপস্থাপনের জন্য সময় দেওয়া হয়েছে। ততদিন পর্যন্ত তাদের ব্যবসায়িক কার্যক্রম বন্ধ থাকবে।”

তিনি আরও জানান, জব্দ করা পণ্যগুলো সিভিল সার্জনের প্রতিনিধির জিম্মায় রাখা হয়েছে এবং কয়েকটি পণ্যের নমুনা মান যাচাইয়ের জন্য পরীক্ষাগারে পাঠানো হবে।