২৫ ডিসেম্বর দেশে ফিরছেন তারেক রহমান: মির্জা ফখরুল  


Rastrerkotha প্রকাশের সময় : ১২/১২/২০২৫, ১০:২২ অপরাহ্ণ /
২৫ ডিসেম্বর দেশে ফিরছেন তারেক রহমান: মির্জা ফখরুল  
95

অনলাইন ডেস্কঃ

দীর্ঘ ১৮ বছরের নির্বাসন শেষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী ২৫ ডিসেম্বর দেশে ফিরছেন। শুক্রবার রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত স্থায়ী কমিটির জরুরি বৈঠক শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৈঠকে ভার্চুয়ালি যুক্ত ছিলেন তারেক রহমানও।

সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল বলেন, “এই ঘোষণা শুধু বিএনপির নয়, পুরো জাতির জন্য স্বস্তির বার্তা। কোটি মানুষের প্রিয় নেতা, যিনি প্রায় ১৮ বছর ধরে বিদেশে নির্বাসিত এবং দীর্ঘ সময় ধরে দেশের গণতান্ত্রিক আন্দোলনে নেতৃত্ব দিয়ে আসছেন তিনি অবশেষে আগামী ২৫ ডিসেম্বর ঢাকার মাটিতে পা রাখবেন।”

তিনি আরও বলেন, সাম্প্রতিক ছাত্র গণঅভ্যুত্থানসহ গণতান্ত্রিক উত্তরণে তারেক রহমানের কৌশলগত নেতৃত্ব বিএনপিকে সাফল্যের দ্বারপ্রান্তে পৌঁছে দিয়েছে। তার দেশে ফেরা শুধু দল নয়, দেশের রাজনীতিতেও নতুন অধ্যায়ের সূচনা করবে।

মির্জা ফখরুল জানান, তারেক রহমানের প্রত্যাবর্তনকে কেন্দ্র করে দলের পক্ষ থেকে প্রয়োজনীয় সব প্রস্তুতি নেওয়া হচ্ছে। নেতাকর্মীদের মধ্যেও উৎসাহ–উদ্দীপনা বিরাজ করছে।