মীরগঞ্জ বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ক্ষতিগ্রস্তদের পাশে জামায়াত প্রার্থী ওবায়দুল্লাহ সালাফী


Rastrerkotha প্রকাশের সময় : ১১/১২/২০২৫, ৭:৩৮ অপরাহ্ণ /
মীরগঞ্জ বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ক্ষতিগ্রস্তদের পাশে জামায়াত প্রার্থী ওবায়দুল্লাহ সালাফী
76

রাষ্ট্রের কথা ডেস্ক:

নীলফামারীর জলঢাকায় মীরগঞ্জ বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে দাঁড়িয়েছেন নীলফামারী-৩ (জলঢাকা) আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা ওবায়দুল্লাহ সালাফী।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকালে বাজারের কাপর পট্টিতে অগ্নিকাণ্ডের কারণে কমপক্ষে ৯টি দোকান সম্পূর্ণ ভস্মীভূত হয়। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ ১ কোটিরও বেশি টাকা বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ভোরে বাজারের একটি অংশে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। ধারণা করা হচ্ছে, শর্ট সার্কিট অথবা অন্য কোনো কারণে এই দুর্ঘটনা ঘটেছে। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে এবং ব্যবসায়ীরা তা নিয়ন্ত্রণে আনতে পারেননি।

আজ সন্ধ্যায় ঘটনাস্থল পরিদর্শন করেন মাওলানা ওবায়দুল্লাহ সালাফী।

তিনি ক্ষতিগ্রস্ত দোকানগুলো ঘুরে দেখেন, ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন এবং তাদের কষ্টের কথা মনোযোগ দিয়ে শুনেন। পরে তিনি নগদ অর্থ সহায়তা প্রদান করেন এবং তাদের দোকান পুনর্গঠনে সর্বোচ্চ সহযোগিতা করার আশ্বাস দেন।

এসময় উপস্থিত ছিলেন, জেলা সেক্রেটারি মাওলানা আন্তাজুল ইসলাম, উপজেলা আমীর মোখলেছুর রহমান মাস্টার, উপজেলা নায়েবে আমীর কামারুজ্জামান, মীরগঞ্জ ইউনিয়ন আমীর রেজাউল ইসলাম সহ স্থানীয় নেতৃবৃন্দ ও দায়িত্বশীলগন।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা মাওলানা সালাফীর সহানুভূতি এবং পাশে দাঁড়ানোর জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। স্থানীয়রা আশা প্রকাশ করেছেন, পুনর্গঠন ও সহায়তার মাধ্যমে তাদের ব্যবসা দ্রুত স্বাভাবিক অবস্থায় ফিরবে।

এদিকে মীরগঞ্জ বাজারের প্রশাসনিক কর্মকর্তারা আগুনের প্রকৃত কারণ জানার জন্য তদন্ত শুরু করেছেন এবং ভবিষ্যতে এমন দুর্ঘটনা প্রতিরোধে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার প্রতিশ্রুতি দিয়েছেন।