অপপ্রচার ঠেকাতে গোল টেবিল বৈঠক ১ লাখ ৩০ হাজার ফেক আইডির অভিযোগ বিএনপির


Rastrerkotha প্রকাশের সময় : ০৬/১২/২০২৫, ৫:৩৮ অপরাহ্ণ /
অপপ্রচার ঠেকাতে গোল টেবিল বৈঠক ১ লাখ ৩০ হাজার ফেক আইডির অভিযোগ বিএনপির
71

বদরুদ্দোজা প্রধান, পঞ্চগড় সংবাদদাতাঃ

বিএনপির নির্বাহী কমিটির পল্লি উন্নয়ন বিষয়ক সম্পাদক ফরহাদ হোসেন বলেছেন, জাতীয় নির্বাচন ঘিরে বিএনপির প্রার্থীদের সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করতে প্রায় ১ লাখ ৩০ হাজার ফেক আইডি সক্রিয় করা হয়েছে। এসব আইডি বিভিন্ন সামাজিক মাধ্যমে ঘুরে বেড়াচ্ছে এবং নির্বাচনী তফসিল ঘোষণার পর প্রার্থীদের বিরুদ্ধে ব্যাপক অপপ্রচার চালানোর পরিকল্পনা করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

শনিবার (৬ ডিসেম্বর) বিকেলে পঞ্চগড়ের দেবীগঞ্জ পাবলিক ক্লাব চত্বরে আয়োজিত ‘সামাজিক যোগাযোগ মাধ্যম ও কৃত্রিম বুদ্ধিমত্তার অপব্যবহার রোধ’ শীর্ষক গোল টেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বৈঠকে গণমাধ্যমকর্মী, শিক্ষক, আইনজীবী, ইমাম, পুরোহিত, চিকিৎসকসহ বিভিন্ন পেশার দুই শতাধিক মানুষ অংশ নেন।

ফরহাদ হোসেন বলেন, “আমরা প্রযুক্তির বিরুদ্ধে নই। তবে সামাজিক যোগাযোগ মাধ্যম ও কৃত্রিম বুদ্ধিমত্তার অপব্যবহার সমাজে তথ্য বিভ্রান্তি, গুজব, ব্যক্তিগত ও সামাজিক নিরাপত্তাহীনতা, নৈতিকতা ও স্থিতিশীলতায় গভীর প্রভাব ফেলছে। তাই সঠিক দিকনির্দেশনা ও সামাজিক সচেতনতা গড়ে তুলতে বিভিন্ন পেশাজীবী এবং দায়িত্বশীল নাগরিকদের সমন্বিত উদ্যোগ অত্যন্ত জরুরি।”

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শিক্ষক কর্মচারী ঐক্য জোটের কেন্দ্রীয় নেতা ও সাকোয়া ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক সাইফুল ইসলাম সোহাগ। এতে আরও উপস্থিত ছিলেন দেবীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আব্দুল গনি বসুনিয়া, সাধারণ সম্পাদক আবুল হোসেন মো. তোবারক হ্যাপী, সিনিয়র সহসভাপতি আইয়ুব আলীসহ উপজেলা বিএনপির নেতৃবৃন্দ।

গোল টেবিল বৈঠকে অংশগ্রহণকারীরা ডিজিটাল যুগে তথ্য নিরাপত্তা, অপপ্রচার প্রতিরোধ এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির ওপর বিভিন্ন প্রস্তাবনা তুলে ধরেন।