পরিবার পরিকল্পনা মাঠ কর্মীদের দাবি অবহেলায় ক্ষোভ-পঞ্চগড়ে অবস্থান কর্মসূচি


Rastrerkotha প্রকাশের সময় : ০২/১২/২০২৫, ৭:৫৮ অপরাহ্ণ /
পরিবার পরিকল্পনা মাঠ কর্মীদের দাবি অবহেলায় ক্ষোভ-পঞ্চগড়ে অবস্থান কর্মসূচি
186

বদরুদ্দোজা প্রধান, পঞ্চগড় সংবাদদাতাঃ

নিয়োগবিধি ও নীতিমালা প্রণয়নের দাবিতে দীর্ঘদিনের আন্দোলন উপেক্ষিত হওয়ায় পঞ্চগড়ে ক্ষোভ প্রকাশ করেছেন পরিবার পরিকল্পনা মাঠ পর্যায়ের কর্মচারীরা। দাবির প্রতি কর্তৃপক্ষের অবহেলার প্রতিবাদে তারা অবস্থান কর্মসূচি শুরু করেছেন।

মঙ্গলবার (২ ডিসেম্বর) সকাল থেকে পরিবার পরিকল্পনা মাঠ কর্মচারী অ্যাসোসিয়েশনের আহ্বানে পঞ্চগড় সদর উপজেলা চত্বরে পরিবার কল্যাণ সহকারী, পরিবার কল্যাণ পরিদর্শিকা এবং পরিবার পরিকল্পনা পরিদর্শকরা অবস্থান নেন।

সদর উপজেলার ১০টি ইউনিয়ন থেকে নারী-পুরুষ কর্মচারীরা কর্মস্থল ছেড়ে উপজেলা চত্বরে এসে চেয়ারে বসে অবস্থান নেন এবং তাদের দাবি-দাওয়ার পক্ষে বক্তব্য রাখেন। অবস্থান কর্মসূচিতে অংশ নেয় পরিবার কল্যাণ পরিদর্শিকা অ্যাসোসিয়েশন, পরিবার কল্যাণ সহকারী সমিতি ও পরিবার পরিকল্পনা পরিদর্শক সমিতির পঞ্চগড় শাখা।

অবস্থানকারীদের মূল দাবি ২৬ বছর ধরে পরিবার পরিকল্পনার মাঠ পর্যায়ে তিনটি পদে কোনো নিয়োগবিধি নেই। নেই পদোন্নতি বা গ্রেড পরিবর্তনের সুযোগ।

পরিবার পরিকল্পনা সহকারী মুক্তা বেগম বলেন, “২৬ বছর ধরে কাজ করছি, কিন্তু এখনও নিয়োগবিধি নেই। পদোন্নতি তো দূরের কথা, গ্রেডও পরিবর্তন হয় না। আমরা চরম বৈষম্যের শিকার।”

পরিদর্শক আহসান হাবিব বলেন, “যে পদে চাকরিতে প্রবেশ করি, সেই পদেই অবসরে যেতে হয়। বহুবার মানববন্ধন ও সংবাদ সম্মেলন করেছি, কিন্তু আমাদের দাবি শোনার মতো কেউ নেই। এবারও দাবি আদায় না হলে কঠোর কর্মসূচি নিতে বাধ্য হবো।”

অংশগ্রহণকারীরা জানান, দাবি পূরণ না হলে তারা কর্মস্থলে ফিরবেন না এবং প্রয়োজন হলে সেবা সপ্তাহের কার্যক্রমও বর্জন করবেন।

জেলা শাখার প্রায় ৫০ জনের বেশি পরিবার পরিকল্পনা কর্মচারী এ কর্মসূচিতে অংশ নেন। কর্মসূচি চলবে আগামী ১১ ডিসেম্বর পর্যন্ত প্রতিদিন অফিস চলাকালীন সময়ে।