জলঢাকায় সাব-রেজিস্ট্রার দুর্নীতির অভিযোগে আগামীকাল গণঅবস্থান: মুক্তিযোদ্ধা সনদ নিয়েও প্রশ্ন


Rastrerkotha প্রকাশের সময় : ০১/১২/২০২৫, ৯:৪৯ অপরাহ্ণ /
জলঢাকায় সাব-রেজিস্ট্রার দুর্নীতির অভিযোগে আগামীকাল গণঅবস্থান: মুক্তিযোদ্ধা সনদ নিয়েও প্রশ্ন
172

নিজস্ব সংবাদদাতা:

নীলফামারী জলঢাকায় সাব-রেজিস্ট্রার কার্যালয়ে দীর্ঘদিন ধরে অনিয়ম, দুর্নীতি ও দালালচক্র সক্রিয় থাকার অভিযোগ তুলে আগামীকাল মঙ্গলবার ২ ডিসেম্বর তারিখে গণঅবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হতে যাচ্ছে। জলঢাকা উপজেলার সচেতন নাগরিক সমাজ এর উদ্যোগে আয়োজিত এ কর্মসূচি সকাল ৯টায় আবু সাঈদ চত্বর (ট্রাফিক মোড়ে) শুরু হবে।

আয়োজকদের দাবি, সাব-রেজিস্ট্রার কার্যালয়ের বিভিন্ন সেবামূলক কাজে জনভোগান্তি চরমে পৌঁছেছে। অভিযোগ রয়েছে, সেবাগ্রহীতাদের নানান অজুহাতে অতিরিক্ত অর্থ নেওয়া, সিন্ডিকেটের মাধ্যমে কাজ করাতে বাধ্য করা এবং স্বচ্ছতার ঘাটতি সাধারণ মানুষের ক্ষোভ বাড়িয়ে তুলেছে। মুক্তিযোদ্ধা সনদ নিয়ে প্রশ্ন আন্দোলনকারীরা আরও অভিযোগ করছেন, সাব-রেজিস্ট্রার লুৎফর রহমান মোল্লার মুক্তিযোদ্ধা সনদ নিয়েও ব্যাপক বিতর্ক রয়েছে। তাদের দাবি অনুযায়ী, তিনি মাত্র ৫ বছর বয়সে কীভাবে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করলেন এ নিয়ে এলাকাবাসীর মধ্যে তীব্র প্রশ্ন ও সংশয় তৈরি হয়েছে।

আয়োজকরা বলছেন, এই বিষয়টি বিশেষ ভাবে তদন্ত করা প্রয়োজন, কারণ মুক্তিযোদ্ধা সনদের মতো মর্যাদাপূর্ণ বিষয়ে যে কোনো অনিয়ম জাতির প্রতি অবমাননা। স্বচ্ছ তদন্তের দাবি। সচেতন নাগরিক সমাজের নেতারা বলেন, সাব-রেজিস্ট্রার কার্যালয়ের বিরুদ্ধে উত্থাপিত অনিয়ম ও সনদ সংক্রান্ত প্রশ্নগুলো প্রশাসনকে গুরুত্ব সহ কারে তদন্ত করতে হবে। আমরা কোন ব্যক্তি বা প্রতিষ্ঠানকে অসম্মান করতে চাই না। আমরা চাই সত্যতা যাচাই হোক এবং প্রয়োজনে আইনানুগ ব্যবস্থা নেওয়া হোক।

আগামীকালের গণঅবস্থান কর্মসূচিতে পেশাজীবী, শিক্ষার্থী ও সাধারণ নাগরিকদের শান্তিপূর্ণভাবে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে। এদিকে, উত্থাপিত অভিযোগগুলো সম্পর্কে সাব-রেজিস্ট্রার কার্যালয়ের কোনো পক্ষ এখনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি।