জয়পুরহাটে পাঁচ বছরের নাঈমকে হত্যার অভিযোগে সৎ মা আটক


Rastrerkotha প্রকাশের সময় : ৩০/১১/২০২৫, ৯:১৬ অপরাহ্ণ /
জয়পুরহাটে পাঁচ বছরের নাঈমকে হত্যার অভিযোগে সৎ মা আটক
68

মোঃ আমজাদ হোসেন, স্টাফ রিপোর্টার:

জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার তিলকপুর ইউনিয়নের গিলাকুড়ী গ্রামে পাঁচ বছরের শিশু নাঈমের রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের দাবি, নাঈমের মৃত্যু স্বাভাবিক নয়, বরং এটি একটি নৃশংস হত্যাকাণ্ড। অভিযোগের ভিত্তিতে শিশুটির সৎ মা জাহানারা বেগম (৩০) কে আটক করেছে পুলিশ।

ঘটনাটি রবিবার (৩০ নভেম্বর) সকালে ঘটে। খবর পেয়ে পুলিশ বিকেলে শিশুটির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য থানায় পাঠায়।

স্থানীয় সূত্রে জানা যায়, নাঈমের জন্মের মাত্র এক বছর পর তার জৈবিক মা মারা যান। এরপর শিশুর লালন-পালনের দায়িত্ব নিতে বাবা খলিলুর রহমান দ্বিতীয় বিয়ে করেন জাহানারা বেগমকে।

স্বজনদের দাবি, সকালে খাবার চাইলে সৎ মা জাহানারা ক্ষিপ্ত হয়ে শীল-পাটা দিয়ে নাঈমের মাথায় আঘাত করেন। পরে শিশুটিকে বাথরুমে ফেলে রাখা হয়। কিছুক্ষণ পর স্থানীয়রা শিশুটিকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে নওগাঁ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক নাঈমকে মৃত ঘোষণা করেন।

মরদেহ বাড়িতে আনা হলে ক্ষুব্ধ এলাকাবাসী জাহানারাকে একটি ঘরে আটক করে পুলিশে খবর দেন।

আক্কেলপুর থানার উপপরিদর্শক (এসআই) গণেশ চন্দ্র বলেন,
“শিশুটির শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। প্রকৃত ঘটনা তদন্তের পরই নিশ্চিত হওয়া যাবে।”

আক্কেলপুর থানার তদন্ত কর্মকর্তা জানান, সৎ মাকে থানায় আনা হয়েছে এবং শিশুর মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

নিষ্পাপ নাঈমের মৃত্যুতে গ্রামজুড়ে গভীর শোক ও ক্ষোভ নেমে এসেছে। স্থানীয়দের প্রত্যাশা পুলিশের নিরপেক্ষ তদন্তে বেরিয়ে আসবে শিশুটির মৃত্যুর প্রকৃত কারণ।