ঢাকায় বিমান দুর্ঘটনায় প্রাণ হারালেন শিক্ষিকা মাহেরীন চৌধুরী


Rastrerkotha প্রকাশের সময় : ২২/০৭/২০২৫, ১২:২১ পূর্বাহ্ণ /
ঢাকায় বিমান দুর্ঘটনায় প্রাণ হারালেন শিক্ষিকা মাহেরীন চৌধুরী
6

নিজস্ব প্রতিবেদক: ঢাকার উত্তরার দিয়াবাড়ি মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে কর্মরত শিক্ষিকা মাহেরীন চৌধুরী (৪৬) মর্মান্তিক বিমান বিধ্বস্তের ঘটনায় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মাহেরীন চৌধুরীর বাড়ি নীলফামারীর জলঢাকা উপজেলায়। তিনি বগুলাগাড়ি স্কুল অ্যান্ড কলেজের অ্যাডহক কমিটির সভাপতি ছিলেন। এছাড়া তিনি ছিলেন বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের ভাতিজি।

প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার দুপুর ১টা ১৮ মিনিটের দিকে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ জেট মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিধ্বস্ত হয়। দুর্ঘটনার পর মুহূর্তেই ভবনে ভয়াবহ আগুন ছড়িয়ে পড়ে। আতঙ্কিত শিক্ষার্থীরা ছুটোছুটি শুরু করলে সাহসিকতার সঙ্গে তাঁদের উদ্ধার করতে এগিয়ে আসেন শিক্ষক-শিক্ষিকারা।

সে সময় মাহেরীন চৌধুরী একের পর এক শিক্ষার্থীকে নিরাপদে সরিয়ে দেন। তবে শেষ মুহূর্তে আগুনের লেলিহান শিখা তাঁকেও গ্রাস করে। মারাত্মকভাবে দগ্ধ অবস্থায় তাঁকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। চিকিৎসকরা জানান, তাঁর শরীরের প্রায় ৯৫ শতাংশ দগ্ধ হয়েছে। কয়েক ঘণ্টার মৃত্যুপণ লড়াইয়ের পর রাতেই তিনি মৃত্যুবরণ করেন।

মাহেরীন চৌধুরীর মৃত্যুতে জলঢাকা উপজেলাসহ সমগ্র নীলফামারী জেলায় শোকের ছায়া নেমে এসেছে। রাজনৈতিক ও শিক্ষা অঙ্গনের বিভিন্ন ব্যক্তিত্ব তাঁর আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন। সহকর্মী শিক্ষকরা বলেছেন, “শিক্ষার্থীদের জীবনের জন্য তিনি নিজের জীবন উৎসর্গ করেছেন। মাহেরীন ম্যাডাম আমাদের কাছে আজীবন অনুপ্রেরণা হয়ে থাকবেন।”