ইশরাককে ‘ম্যাচিওর’ রাজনীতি করার আহ্বান সারজিসের


Rastrerkotha প্রকাশের সময় : ২১/০৭/২০২৫, ৩:২৮ অপরাহ্ণ /
ইশরাককে ‘ম্যাচিওর’ রাজনীতি করার আহ্বান সারজিসের
5

বিএনপি নেতা ইশরাক হোসেনের সাম্প্রতিক বক্তব্যকে ‘আবেগপ্রবণ’ আখ্যা দিয়ে তাকে আরও পরিণত রাজনৈতিক আচরণ করার আহ্বান জানিয়েছেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

সোমবার (২১ জুলাই) সকালে চট্টগ্রাম থেকে খাগড়াছড়ির উদ্দেশে এনসিপির জুলাই পদযাত্রা শুরুর আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি।

সারজিস বলেন, “আমি ইশরাক ভাইয়ের বক্তব্য শুনেছি। মনে হয়েছে তিনি আবেগের বশবর্তী হয়ে কথা বলেছেন। তার বক্তব্যে রাজনৈতিক পরিপক্বতার ছাপ ছিল না। আমরা চাই, ফ্যাসিস্টবিরোধী আন্দোলনে যেভাবে তাকে দেখেছি, সেই ইশরাককে আবার দেখতে।”

তিনি আরও বলেন, “আমরা যদি কারও কাছ থেকে ভালো কিছু প্রত্যাশা করি, তাহলে নিজের আচরণও তার চেয়ে উন্নত হতে হবে। সম্মানপূর্ণ রাজনীতির জন্য সবাইকে ভূমিকা রাখতে হবে।”

ইশরাকের বক্তব্যে কিছু মানুষকে “উলঙ্গ করে মারার” মতো শব্দ ব্যবহার নিয়ে সমালোচনা করেন সারজিস। তিনি বলেন, “নাসিরউদ্দীন পাটওয়ারীর বক্তব্য অনেকের প্রত্যাশা পূরণ না করলেও ইশরাকের মন্তব্য ছিল আরও নিচু মানের।”

এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সারজিস আওয়ামী লীগকে ‘নিষিদ্ধ দল’ আখ্যা দিয়ে বলেন, “তাদের হরতাল মানুষ পরোয়া করে না। বরং সন্ত্রাসী কার্যক্রম চালাচ্ছে তারা। আইনশৃঙ্খলা বাহিনীকে এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানাই।”

এনসিপির সদস্য সচিব আখতার হোসেন জানান, নির্বাচন কমিশনের নির্ধারিত সময়ের মধ্যেই নিবন্ধন সংক্রান্ত সব তথ্য সরবরাহ করা হবে এবং এনসিপির পক্ষে কোনো ঘাটতি নেই।