রাজবাড়ী-১ আসনে বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে মহাসড়ক অবরোধ


Rastrerkotha প্রকাশের সময় : ১৬/১১/২০২৫, ৭:৩৬ অপরাহ্ণ /
রাজবাড়ী-১ আসনে বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে মহাসড়ক অবরোধ
85

নিজস্ব সংবাদদাতা:

রাজবাড়ী-১ (সদর ও গোয়ালন্দ) আসনে বিএনপির মনোনীত প্রার্থী আলী নেওয়াজ মাহমুদ খৈয়মের মনোনয়ন বাতিলের দাবিতে বিক্ষোভে ফেটে পড়েছেন অ্যাডভোকেট আসলাম মিয়ার সমর্থকরা।

রোববার (১৬ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে ঢাকা–খুলনা জাতীয় মহাসড়ক ও রাজবাড়ী–কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে তারা বিক্ষোভ সমাবেশ করেন।

সহস্রাধিক নেতাকর্মী খৈয়মের ছবি-সংবলিত ‘বয়কট’ লেখা ব্যানার ও প্ল্যাকার্ড হাতে সড়কে নামেন। অবরোধ চলাকালে টায়ার জ্বালিয়ে এবং কাফনের কাপড় পরে তারা মনোনয়ন বাতিলের দাবিতে তীব্র স্লোগান তুলেন। প্রায় এক ঘণ্টা পর বিকেল সাড়ে ৫টার দিকে অবরোধ তুলে নিলে উভয় মহাসড়কের যানচলাচল স্বাভাবিক হতে শুরু করে। এর আগে দীর্ঘ যানজটে চরম ভোগান্তিতে পড়েন যাত্রী ও চালকরা।

আসলাম গ্রুপের সমর্থক ও সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আবুল হোসেন গাজী বলেন, “আমরা এই অবৈধ মনোনয়ন মানি না। যে নেতা ১৭ বছর মাঠে যুদ্ধ করেছেন, তাকে বাদ দিয়ে সংস্কারপন্থি নেতাকে মনোনয়ন দেওয়া হবে এটা মেনে নেওয়া যায় না। দ্রুত মনোনয়ন বাতিল করে অ্যাডভোকেট আসলাম মিয়াকে প্রার্থী ঘোষণা করতে হবে।”

সমাবেশে বক্তব্য দেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও পৌর বিএনপির সভাপতি তোফাজ্জল হোসেন মিয়া, গোয়ালন্দ উপজেলা বিএনপির সভাপতি নিজাম উদ্দিন শেখ, সাধারণ সম্পাদক মোশাররফ আহমেদসহ স্থানীয় নেতারা।

রাজবাড়ী সদর থানার ওসি মাহমুদুর রহমান জানান, বর্তমানে এলাকায় যান চলাচল স্বাভাবিক রয়েছে।

উল্লেখ্য, গত ৩ নভেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৩৭টি আসনে সম্ভাব্য প্রার্থীর তালিকা ঘোষণা করে বিএনপি।