
মেহেরপুর জেলা সংবাদদাতা:
মেহেরপুর সদর উপজেলার রাজনগর গ্রামে পদ্মফুল তুলতে গিয়ে একই পরিবারের চার শিশুর পানিতে ডুবে হৃদয়বিদারক মৃত্যু হয়েছে।
রবিবার (৯ নভেম্বর) দুপুরে মসুরিভাজা বিল এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে। মারা যাওয়া চারজনই দুই ভাই আব্দুস সামাদ, শাহারুল ইসলাম ও ইসারুলের মেয়ে।
নিহতরা হলো অষ্টম শ্রেণীর ছাত্রী ফাতেমা (১৪), মিম (১৪) এবং চতুর্থ শ্রেণীর ছাত্রী আফিয়া (১০) ও আলসিয়া (১০)।
স্থানীয়রা জানায়, দুপুরে চার শিশু একসঙ্গে বিলে শাপলা তুলতে যায়। দীর্ঘ সময়েও তারা বাড়িতে না ফিরলে পরিবারের লোকজন খুঁজতে বের হন। কিছুক্ষণ পর এলাকার মানুষ বিলে ভাসমান অবস্থায় শিশুদের মরদেহ দেখতে পান।
খবর পেয়ে মেহেরপুর ফায়ার সার্ভিস ও সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে চারজনের মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করে।
এ ঘটনায় পুরো এলাকায় নেমে এসেছে শোকের গভীর ছায়া। কান্নায় ভেঙে পড়েছে স্বজনরা।
মেহেরপুর সদর থানার অফিসার্স ইনচার্জ মেজবাউদ্দিন বলেন, “চার শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থলে পুলিশের একটি দল পাঠানো হয়েছে।”
আপনার মতামত লিখুন :