কলিতে সন্তুষ্ট নয়, ফুলই চান এনসিপি


Rastrerkotha প্রকাশের সময় : ৩০/১০/২০২৫, ৮:৪৮ অপরাহ্ণ /
কলিতে সন্তুষ্ট নয়, ফুলই চান এনসিপি
59

নিজস্ব সংবাদদাতা:

নির্বাচন কমিশনের (ইসি) ঘোষিত প্রতীক তালিকায় নতুনভাবে যুক্ত হয়েছে ‘শাপলা কলি’। বৃহস্পতিবার ইসির সিনিয়র সচিব আখতার আহমেদের সই করা এ-সংক্রান্ত গেজেট প্রকাশ করা হয়।

তবে নতুন এই প্রতীক নিয়ে আপত্তি তুলেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির নেতারা বলছেন, তারা ‘শাপলা কলি’ নয়, বরং ‘শাপলা ফুল’ প্রতীকই চান।

এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার বলেন,  “শাপলা কলি প্রতীকের তালিকায় আগে ছিল না। এখন হঠাৎ এটি এলো কীভাবে? আর যদি ‘শাপলার কলি’ থাকতে পারে, তবে ‘শাপলা’ কেন থাকবে না? আমরা এর ব্যাখ্যা জানতে চাই।”

দলটির যুগ্ম সদস্য সচিব জহিরুল ইসলাম মুসা বলেন, “এনসিপি সব সময় শাপলাই চেয়েছে। তখন নির্বাচন কমিশন বলেছিল তালিকায় নেই, তাই দেওয়া যাবে না। এখন তারা ‘শাপলা কলি’ যুক্ত করলো কীভাবে, সেটি স্পষ্ট করতে হবে।”

এর আগে দলীয় নিবন্ধনের আবেদনেও এনসিপি শাপলা, কলম ও মোবাইল ফোন এই তিনটি প্রতীক চেয়েছিল। পরে তারা কেবল ‘শাপলা ফুল’ প্রতীকের ওপরই জোর দেয়। কিন্তু প্রতীক তালিকায় ‘শাপলা’ না থাকায় নির্বাচন কমিশন এনসিপির আবেদন বারবার নাকচ করে দেয়।

দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম সম্প্রতি এক সভায় বলেন, “শাপলা প্রতীকের জন্য যদি রাজপথে নামতে হয়, এনসিপি তা-ই করবে। প্রয়োজনে নির্বাচন কমিশনের পুনর্গঠনের আন্দোলনেও আমরা যাব।”