এনসিপি সহ  বিভিন্ন দলের সঙ্গে বিএনপির যোগাযোগ চলছে: সালাহউদ্দিন আহমদ


Rastrerkotha প্রকাশের সময় : ২৪/১০/২০২৫, ১১:০৩ অপরাহ্ণ /
এনসিপি সহ  বিভিন্ন দলের সঙ্গে বিএনপির যোগাযোগ চলছে: সালাহউদ্দিন আহমদ

অনলাইন ডেস্ক:

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জোট গঠনের লক্ষ্যে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে যোগাযোগ চলছে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

শুক্রবার (২৪ অক্টোবর) বিকেলে রাজধানীর গুলশানে নিজের বাসায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “নির্বাচনকে ঘিরে বিএনপি বিভিন্ন দলের সঙ্গে আলোচনা করছে। শেষ পর্যন্ত জোট কোন রূপ নেবে, তা দেখার জন্য কিছুটা অপেক্ষা করতে হবে।”

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র সঙ্গে যোগাযোগ প্রসঙ্গে তিনি বলেন, “দলটির সঙ্গে আমাদের রাজনৈতিক যোগাযোগ আছে। তবে জোটবদ্ধ হব কি হব না—রাজনীতির মাঠে আগে থেকে কিছু বলা যায় না।”

জাতীয় সরকার প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে সালাহউদ্দিন আহমদ বলেন, “আমরা যুগপৎ সঙ্গী ও অন্যান্য গণতান্ত্রিক শক্তির সঙ্গে ঐক্যমতের ভিত্তিতে সরকার গঠনের পরিকল্পনা করছি। এটি প্রচলিত অর্থে সাধারণ জাতীয় সরকার নয়।”

তিনি আরও জানান, “ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের শরিক ও গণতন্ত্রপন্থি শক্তিকে সঙ্গে নিয়ে বিএনপি ৩১ দফা বাস্তবায়নে কাজ করছে। জোট ও সরকার গঠনের ক্ষেত্রে শরিকদের যথাযথ গুরুত্ব দেওয়া হবে, প্রয়োজনে আসন ছাড়েরও পরিকল্পনা রয়েছে।”