পীরগঞ্জে পরিবেশ অধিদপ্তরের অভিযান: ৪ ইটভাটায় ২০ লাখ টাকা জরিমানা


Rastrerkotha প্রকাশের সময় : ২১/০৪/২০২৬, ৮:১০ অপরাহ্ণ /
পীরগঞ্জে পরিবেশ অধিদপ্তরের অভিযান: ৪ ইটভাটায় ২০ লাখ টাকা জরিমানা
49

মোঃ আসাদুজ্জামান, পীরগঞ্জ (ঠাকুরগাঁও) সংবাদদাতাঃ

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান চালিয়ে ৪টি ইটভাটায় মোট ২০ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর।

মঙ্গলবার (২১ এপ্রিল) ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এই অভিযান পরিচালনা করা হয়।

জানা যায়, লাইসেন্সবিহীনভাবে পরিচালিত এসব ইটভাটার বিরুদ্ধে ‘ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯)’ অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়। অভিযানে এম বি বি ব্রিকস ও মেসার্স ডি স্টার ব্রিকস নামের দুটি ইটভাটা ভেঙে ফেলা হয়।

এছাড়া একই আইনে এমবি ব্রিকসের মালিক শোয়েব মাহমুদ শাহরিয়ার, এসবিএস ব্রিকসের মালিক বেলাল হোসেন, মেসার্স ডিআর ব্রিকসের মালিক আলী আকবর এবং এমবিএস ব্রিকসের মালিক সাদেকুল ইসলামকে পৃথকভাবে ৫ লাখ টাকা করে মোট ২০ লাখ টাকা জরিমানা করা হয়।

অভিযান পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তরের ঢাকা সদর দপ্তরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট উইংয়ের সিনিয়র সহকারী সচিব ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজওয়ান উল ইসলাম।

পরিবেশ অধিদপ্তর ঠাকুরগাঁও জেলার সহকারী পরিচালক তামিম হাসান জানান, পরিবেশ রক্ষা ও জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।