নেত্রকোণায় জামায়াতের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত


Rastrerkotha প্রকাশের সময় : ০৪/০৪/২০২৬, ৪:১৯ অপরাহ্ণ /
নেত্রকোণায় জামায়াতের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
67

আবুল কালাম, নেত্রকোণা সংবাদদাতাঃ

নেত্রকোণায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৪ এপ্রিল) সকাল ১০টা থেকে শুরু হয়ে দিনব্যাপী এ কর্মশালা চলে।

জেলা জামায়াতের আমির অধ্যাপক মাওলানা ছাদেক আহমাদ হারিছের সভাপতিত্বে এবং জেলা সেক্রেটারি মোঃ বদরুল আমিনের সঞ্চালনায় কর্মশালায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন জেলা জামায়াতের নায়েবে আমির অধ্যাপক মাওলানা মাহবুবুর রহমান ও সহকারী সেক্রেটারি, নেত্রকোণা-৫ (পূর্বধলা) আসনের সংসদ সদস্য অধ্যাপক মাছুম মোস্তফা।

বক্তারা বলেন, জনগণের মধ্যে জামায়াতের প্রতি আগ্রহ বাড়লেও সংগঠনের প্রস্তুতিতে ঘাটতি রয়েছে। এ ঘাটতি কাটিয়ে উঠতে সাংগঠনিকভাবে আরও শক্তিশালী হওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়। গণভোট ইস্যুতে সরকারের পদক্ষেপের সমালোচনা করে তারা সংসদ ও রাজপথে এর জবাব দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

কর্মশালায় আরও উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মোঃ জহিরুল ইসলাম, জেলা উলামা বিভাগের সভাপতি মাওলানা নুরুল্লাহ ভূঁইয়াসহ স্থানীয় নেতৃবৃন্দ।

সভাপতির বক্তব্যে জেলা আমির বলেন, নির্বাচনের পর দাওয়াতি কার্যক্রমে কিছুটা স্থবিরতা দেখা গেছে। এ অবস্থা কাটিয়ে উঠতে প্রত্যেক রোকনকে সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

তিনি বলেন, প্রতি মাসে একজন রোকনকে অন্তত ১৫ জন এবং একজন কর্মীকে ৫ জনকে দাওয়াত দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। গ্রাম থেকে শহর কোনো ঘর যেন দাওয়াতি কাজের বাইরে না থাকে, সে আহ্বানও জানান তিনি।

তিনি আরও বলেন, দেশের রাষ্ট্রব্যবস্থা ইসলামের আলোকে গড়ে তোলার লক্ষ্য নিয়ে কাজ চলছে এবং আগামীর বাংলাদেশ জনগণের হবে, কোনো নির্দিষ্ট দলের নয়। একই সঙ্গে তিনি সরকারের বিরুদ্ধে ভারতীয় এজেন্ডা বাস্তবায়নের অভিযোগ তুলে সংবিধান সংস্কারের প্রতিশ্রুতি থেকে সরে আসার সমালোচনা করেন।

কর্মশালায় জেলার প্রতিটি উপজেলা থেকে প্রায় শতাধিক কর্মপরিষদ সদস্য অংশগ্রহণ করেন।