সহকারী অধ্যাপকের বদলি ঠেকাতে শিক্ষার্থীদের মানববন্ধন


Rastrerkotha প্রকাশের সময় : ১৮/১১/২০২৫, ৬:৪৩ অপরাহ্ণ /
সহকারী অধ্যাপকের বদলি ঠেকাতে শিক্ষার্থীদের মানববন্ধন

মুহাম্মদ আবু হেলাল, শেরপুর সংবাদদাতা:

শ্রীবরদী সরকারি কলেজের রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক রিফাত আহমেদের বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা।

মঙ্গলবার (১৮ নভেম্বর) দুপুরে কলেজ গেট থেকে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল নিয়ে বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের সামনে গিয়ে অবস্থান নেয়। সেখানে তারা উপজেলা নির্বাহী কর্মকর্তা মনীষা আহমেদের কাছে একটি স্মারকলিপি জমা দেন।

পরে শিক্ষার্থীরা ফের কলেজ গেটের সামনে আধাঘণ্টাব্যাপী মানববন্ধন করেন। তাদের অভিযোগ, রিফাত আহমেদ একজন নিষ্ঠাবান, ছাত্রবান্ধব ও আদর্শ শিক্ষক। তাঁর বদলির কারণে শিক্ষার পরিবেশ নষ্ট হবে এবং একাডেমিক ক্ষতি হবে।

কলেজের অধ্যক্ষ ফরহাদ আলী বলেন, “শিক্ষার্থীদের স্মারকলিপি পেয়েছি, তা উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে।”
উপজেলা নির্বাহী কর্মকর্তা মনীষা আহমেদ জানান, “স্মারকলিপি জেলা প্রশাসকের নিকট প্রেরণ করা হবে।”

উল্লেখ্য, শিক্ষা মন্ত্রণালয়ের ১৩ নভেম্বরের এক বিজ্ঞপ্তিতে রিফাত আহমেদকে শ্রীবরদী সরকারি কলেজ থেকে শেরপুর সরকারি মহিলা কলেজে বদলি করা হয়।