
টাঙ্গাইল সংবাদদাতা:
টাঙ্গাইলের দেলদুয়ারে ধলেশ্বরী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের অভিযান পরিচালনা করা হয়েছে।
সোমবার (২৭ অক্টোবর) সকালে দেলদুয়ার উপজেলার দেউলী ইউনিয়নের তেঘরী ব্রাহ্মণখোলা এলাকায় এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মোহাইমিনুল ইসলাম।
অভিযানে দেলদুয়ার থানা পুলিশের একটি টিম অংশ নেয়। অভিযানকালে ধলেশ্বরী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের জন্য স্থাপিত তিনটি বাংলা ড্রেজার মেশিন ও প্রায় দুই হাজার মিটার ড্রেজিং পাইপ উদ্ধার করা হয়। তবে এসব সরঞ্জামের কোনো মালিক বা দায় স্বীকারকারীকে ঘটনাস্থলে পাওয়া যায়নি।
পরে ম্যাজিস্ট্রেটের নির্দেশে উদ্ধারকৃত তিনটি ড্রেজার মেশিন ও ড্রেজিং পাইপগুলো বিনষ্ট করা হয়।
সহকারী কমিশনার (ভূমি) মোঃ মোহাইমিনুল ইসলাম বলেন,“ অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। সরকারি সম্পদ রক্ষা ও পরিবেশের ভারসাম্য বজায় রাখতে নিয়মিত এ ধরনের অভিযান পরিচালিত হচ্ছে।”
এদিকে স্থানীয় সচেতন মহল প্রশাসনের এ কঠোর পদক্ষেপকে স্বাগত জানিয়েছে এবং ভবিষ্যতেও এমন অভিযান অব্যাহত রাখার দাবি জানিয়েছে।
আপনার মতামত লিখুন :