
রংপুর সংবাদদাতা:
আওয়ামী লীগের সমর্থক হলেও যাদের বিরুদ্ধে কোনো মামলা বা সহিংসতার অভিযোগ নেই, তারা যদি জাতীয় পার্টিতে যোগ দেন এবং যোগ্য প্রার্থী হিসেবে বিবেচিত হন তবে তাদের দলীয় মনোনয়ন দেওয়া হতে পারে বলে জানিয়েছেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান মোস্তাফিজার রহমান মোস্তফা।
শনিবার (৬ সেপ্টেম্বর) দুপুরে রংপুর নগরীর সেন্ট্রাল রোডে দলীয় কার্যালয়ে এক কর্মীসভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
মোস্তাফিজার রহমান বলেন, “আমরা ৩০০ আসনেই প্রার্থী দেওয়ার প্রস্তুতি নিচ্ছি। তবে কোথাও যদি আওয়ামী লীগের সমর্থক হলেও ভালো ও শক্তিশালী প্রার্থী পাওয়া যায়, তার ইমেজ যদি ক্লিন হয় এবং সহিংসতার কোনো অভিযোগ না থাকে, তবে তাকেও মনোনয়ন দেওয়া হতে পারে। ফরিদপুর, গোপালগঞ্জসহ বেশ কিছু জেলায় আওয়ামী লীগের শক্ত ঘাঁটি রয়েছে। যদি সেসব এলাকার কোনো গ্রহণযোগ্য ব্যক্তি জাতীয় পার্টিতে যোগ দেন, আমরা তাকে বিবেচনা করব।”
তিনি আরও বলেন, “গণতন্ত্রের স্বার্থে সব রাজনৈতিক শক্তির অংশগ্রহণ জরুরি। বিএনপিকে একা করে দেওয়ার জন্য স্বাধীনতা বিরোধী শক্তিগুলো চেষ্টা করছে। যদি জাতীয় পার্টি নির্বাচনে না থাকে, তবে ইসলামী ঐক্যজোট, জামায়াতে ইসলামী, চরমোনাই, এনসিপি ও গণধিকার পরিষদ আলাদা অবস্থান নেবে। আর বিএনপি যদি শুধু পিআর পদ্ধতির অজুহাতে নির্বাচনে না আসে, তাহলে তারা একা হয়ে যাবে। সে ক্ষেত্রে নির্বাচন জাতীয় ও আন্তর্জাতিকভাবে প্রশ্নবিদ্ধ হবে।”
বিএনপিকে দুর্বল করার উদ্দেশ্যে জামায়াতে ইসলামীর মতো কিছু দল পিআর পদ্ধতির শর্ত তুলছে বলেও অভিযোগ করেন তিনি। এ সময় তিনি বিএনপিকেও দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান, যাতে সব দলের অংশগ্রহণ নিশ্চিত হয়।
সভায় উপস্থিত ছিলেন দলের প্রেসিডিয়াম সদস্য এস এম ইয়াসির, মহানগর কমিটির সিনিয়র সহসভাপতি লোকমান হোসেন, সহসভাপতি জাহিদুল ইসলাম, জেলা কমিটির সদস্য সচিব হাজী আব্দুর রাজ্জাক, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হাসানুজ্জামান নাজিমসহ স্থানীয় নেতাকর্মীরা।
আপনার মতামত লিখুন :