শ্রীবরদীতে ট্রাংকের ভেতর অজ্ঞাত নারীর লাশ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য


Rastrerkotha প্রকাশের সময় : ০১/০৪/২০২৬, ৭:২৫ অপরাহ্ণ /
শ্রীবরদীতে ট্রাংকের ভেতর অজ্ঞাত নারীর লাশ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য
28

মুহাম্মদ আবু হেলাল, শেরপুর সংবাদদাতাঃ

শেরপুরের শ্রীবরদীতে একটি তালাবদ্ধ ট্রাংকের ভেতর থেকে অজ্ঞাতনামা এক নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১ এপ্রিল) সকালে শ্রীবরদী পৌরসভার তাতিহাটি নয়াপাড়া ঢালিবাড়ি মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, সকালে একটি পিকআপ ভ্যান থেকে কয়েকজন ব্যক্তি ট্রাংকটি ওই স্থানে নামিয়ে রেখে দ্রুত চলে যায়। তাদের আচরণ সন্দেহজনক মনে হলেও তাৎক্ষণিকভাবে কেউ বিষয়টি গুরুত্ব দেয়নি। কিছুক্ষণ পর ট্রাংকের আশপাশে তীব্র দুর্গন্ধ ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে সন্দেহের সৃষ্টি হয়। পরে তারা বিষয়টি শ্রীবরদী থানা পুলিশকে অবহিত করেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ট্রাংকের তালা ভেঙে ভেতরে তোশক ও প্লাস্টিকের বস্তায় মোড়ানো অবস্থায় মরদেহটি উদ্ধার করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কয়েকদিন আগে হত্যার পর মরদেহটি ট্রাংকের ভেতর রেখে গভীর রাতে সেখানে ফেলে যায় দুর্বৃত্তরা। মরদেহটি অর্ধগলিত হওয়ায় তাৎক্ষণিকভাবে পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

প্রত্যক্ষদর্শী বিনা বেগম জানান, “সকালে কয়েকজন লোক পিকআপ থেকে ট্রাংকটি নামিয়ে রেখে যায়। জিজ্ঞেস করলে বলে পরে এসে নিয়ে যাবে।”

শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুল আলম জানান, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিচয় শনাক্ত ও ঘটনার রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এ ঘটনাকে কেন্দ্র করে পুরো এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং স্থানীয়দের মাঝে আতঙ্ক বিরাজ করছে।