শ্রীপুরে জামায়াতে ইসলামীতে যোগ দিলেন হিন্দু ধর্মাবলম্বীসহ নতুন নেতাকর্মীরা


Rastrerkotha প্রকাশের সময় : ২২/১০/২০২৫, ৮:০৩ অপরাহ্ণ /
শ্রীপুরে জামায়াতে ইসলামীতে যোগ দিলেন হিন্দু ধর্মাবলম্বীসহ নতুন নেতাকর্মীরা
53

গাজীপুর সংবাদদাতা:

গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার রাজাবাড়ি ইউনিয়নের দলজোড় গ্রামে বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত গ্রাম কমিটি গঠন অনুষ্ঠানে হিন্দু ধর্মাবলম্বীসহ বিভিন্ন রাজনৈতিক দল থেকে অর্ধশতাধিক নেতাকর্মী আনুষ্ঠানিকভাবে জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন।

বুধবার (২২ অক্টোবর) দুপুরে রাজাবাড়ি ইউনিয়নের ৯নং ওয়ার্ডে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে মোট ৩৯ জন নতুন সদস্য জামায়াতে ইসলামীতে যোগ দেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজাবাড়ি ইউনিয়নের ৯নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর সভাপতি ওয়াকিল হোসেন এবং সঞ্চালনা করেন ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি হাফেজ আল আমিন।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর গাজীপুর জেলা আমীর ড. জাহাঙ্গীর আলম। তিনি বলেন, “আজকের এই যোগদান প্রমাণ করে যে, জামায়াতে ইসলামী সব ধর্ম ও বর্ণের মানুষের কাছে আস্থার রাজনৈতিক প্ল্যাটফর্ম হয়ে উঠছে। আমরা বিভাজন নয়, ঐক্যের রাজনীতি বিশ্বাস করি।”

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান খান, শ্রীপুর উপজেলা আমীর মাওলানা নুরুল ইসলাম এবং উপজেলা সহকারী সেক্রেটারি অধ্যক্ষ আবুল কালাম আজাদ।

বক্তারা বলেন, নতুন সদস্যদের যোগদানের মাধ্যমে সংগঠন আরও শক্তিশালী হবে। সমাজের সকল শ্রেণি-পেশার মানুষের কল্যাণে জামায়াতে ইসলামী কাজ করে যাবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি নতুন কর্মীদের ফুলেল শুভেচ্ছা জানান এবং সংগঠনের লক্ষ্য ও আদর্শ সম্পর্কে দিকনির্দেশনা দেন।

অনুষ্ঠান শেষে আ. সাত্তারকে সভাপতি ও আনছার আলীকে সাধারণ সম্পাদক করে ৩৯ সদস্যের নতুন গ্রাম কমিটি ঘোষণা করা হয়।