শেরপুর-ময়মনসিংহ সীমান্তে বিজিবির অভিযানে মদ ও চোরাচালানী মাল জব্দ, আটক এক


Rastrerkotha প্রকাশের সময় : ০২/১২/২০২৫, ৮:১০ অপরাহ্ণ /
শেরপুর-ময়মনসিংহ সীমান্তে বিজিবির অভিযানে মদ ও চোরাচালানী মাল জব্দ, আটক এক
77

মুহাম্মদ আবু হেলাল, শেরপুর সংবাদদাতা:

শেরপুর-ময়মনসিংহ সীমান্তে মাদক ও চোরাচালান দমনে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) পরিচালিত পৃথক অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মদ, কসমেটিকস সামগ্রী, কমলা এবং একজন চোরাকারবারিকে আটক করেছে ৩৯ বিজিবি।

বিজিবির প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে ১ ও ২ ডিসেম্বর ঝিনাইগাতী উপজেলার সন্ধ্যাকুড়া এবং নালিতাবাড়ী উপজেলার পোড়াবাড়ী এলাকায় অভিযান চালানো হয়। এ সময় ভারতীয় মদ পাচারের চেষ্টা করার অভিযোগে সন্ধ্যাকুড়া এলাকার মৃত শাহজাহানের ছেলে মো. সাদ্দাম হোসেনকে আটক করে টহল দল।

অভিযানে তার কাছ থেকে আমদানি নিষিদ্ধ ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের ৩৬৯ বোতল মদ এবং ২টি মোবাইল ফোন জব্দ করা হয়। আটককৃতসহ অন্যান্য পলাতক চোরাকারবারীদের বিরুদ্ধে ঝিনাইগাতী থানায় মামলা রুজু হয়েছে।

বিজিবি জানায়, মাদক নির্মূলে তারা “জিরো টলারেন্স” নীতিতে পরিচালিত হয়ে এই অভিযান অব্যাহত রেখেছে।

এদিকে, ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলার ডুমনিকুড়া ও বান্দরকাটা এলাকায় পৃথক অভিযানে ভারতীয় নিবেয়া সফট ক্রিম, পন্ডস ফেসওয়াশসহ বিভিন্ন কসমেটিকস এবং বিপুল পরিমাণ ভারতীয় কমলা জব্দ করা হয়।

বিজিবির হিসাবে, দুই জেলার এসব অভিযানে জব্দ করা মদ ও চোরাচালানী মালামালের মোট বাজারমূল্য ১৫ লাখ ৮১ হাজার ৪০০ টাকা।

ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)-এর অধিনায়ক লে. কর্নেল মেহেদী হাসান বলেন, “ময়মনসিংহ-শেরপুর সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ও মাদক–চোরাচালান প্রতিরোধে বিজিবির টহল দল ২৪ ঘণ্টা সতর্ক অবস্থানে রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”