
নেত্রকোনা সংবাদদাতাঃ
নেত্রকোনা-৫ (পূর্বধলা) সংসদীয় আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী অধ্যাপক মাসুম মোস্তফা তাঁর মনোনয়নপত্রের বৈধতা ফিরে পেয়েছেন। নির্বাচন কমিশনের শুনানি শেষে তাঁর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) নির্বাচন কমিশনে অনুষ্ঠিত শুনানিতে অধ্যাপক মাসুম মোস্তফা মামলা সংক্রান্ত সব প্রয়োজনীয় কাগজপত্র উপস্থাপন করেন। উপস্থাপিত নথিপত্র পর্যালোচনা শেষে নির্বাচন কমিশন সেগুলো সন্তোষজনক ও গ্রহণযোগ্য বলে বিবেচনা করে তাঁর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে।
এর আগে মামলা সংক্রান্ত জটিলতার কথা উল্লেখ করে নেত্রকোনা জেলার পাঁচটি আসনের মধ্যে নেত্রকোনা-৫ (পূর্বধলা) আসনে জামায়াত প্রার্থী অধ্যাপক মাসুম মোস্তফার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন জেলা রিটার্নিং কর্মকর্তা মো. সাইফুর রহমান। গত রবিবার (৪ জানুয়ারি) মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে এই সিদ্ধান্ত নেওয়া হয়।
পরে অধ্যাপক মাসুম মোস্তফা নির্বাচন কমিশনে আপিল করেন এবং মামলা সংক্রান্ত প্রয়োজনীয় সব তথ্য ও কাগজপত্র দাখিল করেন। শুনানি শেষে কমিশন তাঁর পক্ষে রায় প্রদান করে।
মনোনয়ন ফিরে পাওয়ার প্রতিক্রিয়ায় অধ্যাপক মাসুম মোস্তফা বলেন, ‘আমি আমার মনোনয়নের বৈধতা ফিরে পেয়েছি। নেত্রকোনা-৫ (পূর্বধলা) আসনের জনগণের কাছে দোয়া প্রার্থী। ইনশাআল্লাহ, জনগণ আমাকে ভোট দিয়ে বিপুল ভোটে জয়ী করবে।’
মনোনয়নপত্র বৈধ ঘোষণার মধ্য দিয়ে নেত্রকোনা-৫ আসনে নির্বাচনী প্রতিযোগিতা আরও প্রাণবন্ত হবে বলে মনে করছেন স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা।
আপনার মতামত লিখুন :