শিক্ষার্থীদের কাছে ক্ষমা চান, নুরকে আহ্বান জবি শিবির সেক্রেটারির


Rastrerkotha প্রকাশের সময় : ০২/১১/২০২৫, ৯:২৩ পূর্বাহ্ণ /
শিক্ষার্থীদের কাছে ক্ষমা চান, নুরকে আহ্বান জবি শিবির সেক্রেটারির
23

নিজস্ব সংবাদদাতাঃ

ডাকসুর সাবেক ভিপি ও গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের বিতর্কিত বক্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি আব্দুল আলিম আরিফ। নুরের বক্তব্যকে তিনি শিক্ষার্থীদের প্রতি ‘অপমানজনক’ এবং ‘তাদের ম্যান্ডেটের প্রতি অবমাননাকর’ বলে উল্লেখ করেছেন।

সম্প্রতি এক সংলাপে নুরুল হক নুর বলেন, “গ্রামের মতো বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও ৫০০ থেকে ১০০০ টাকায় ভোট বিক্রি করেছে।” তার এই বক্তব্যের পর শিক্ষার্থীদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়।

গতকাল শনিবার রাত সাড়ে নয়টায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে জবি শিবির সেক্রেটারি আরিফ লেখেন, “বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের টাকা দিয়ে কেনা যায় না। এই প্রজন্ম সচেতন, নীতিবান ও দায়িত্বশীল। যারা নিজেদের স্বার্থে বিক্রি হয়, তারাই শিক্ষার্থীদের বিক্রিত ভাবতে পারে।”

তিনি আরও বলেন, “আমরা সততা, নিষ্ঠা ও কর্মপ্রচেষ্টার মাধ্যমে শিক্ষার্থীদের আস্থা অর্জন করব ইনশাআল্লাহ। ডাকসুর সাবেক ভিপির কাছ থেকে এমন মন্তব্য অত্যন্ত দুঃখজনক। এই বক্তব্য শিক্ষার্থীদের মর্যাদাহানি করেছে। নুরুল হক নুরকে বক্তব্য প্রত্যাহার করে শিক্ষার্থীদের কাছে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে।”

প্রসঙ্গত, গতকাল শনিবার সকালে রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত ‘পলিটিক্স ল্যাব: পাবলিক ডায়ালগ’ সংলাপে নুরুল হক নুর বলেন, “ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শিবিরের ভূমিধস বিজয়ের পেছনে তাদের কল্যাণভিত্তিক রাজনীতি কাজ করছে। এমনকি কিছু হাসপাতালে তারা এমন চুক্তি করেছে, যেখানে সদস্যদের পরিবার স্বল্প খরচে চিকিৎসা নিতে পারে।”

ভোটের বিনিময়ে সুবিধা নেওয়ার প্রসঙ্গে দেওয়া ওই মন্তব্যকেই কেন্দ্র করে তীব্র প্রতিক্রিয়া জানায় শিক্ষার্থী ও বিভিন্ন সংগঠন।