শহীদ পরিবারে পাশে দাঁড়াতে সরকার ব্যর্থ: নাহিদ ইসলাম


Rastrerkotha প্রকাশের সময় : ০২/০২/২০২৬, ১:৩৩ পূর্বাহ্ণ /
শহীদ পরিবারে পাশে দাঁড়াতে সরকার ব্যর্থ: নাহিদ ইসলাম
58

অনলাইন ডেস্কঃ

জুলাই গণঅভ্যুত্থানের শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের পাশে দাঁড়ানোর ক্ষেত্রে অন্তর্বর্তী সরকারসহ রাজনৈতিক দলগুলো ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও ঢাকা-১১ আসনের প্রার্থী নাহিদ ইসলাম।

রোববার রাজধানীর মেরুল বাড্ডার একটি রেস্তোরাঁয় জুলাই গণঅভ্যুত্থানের শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।

নাহিদ ইসলাম বলেন, “যেভাবে শহীদ পরিবার ও আহতদের পাশে দাঁড়ানো দরকার ছিল, সেখানে সরকার, রাজনৈতিক দল সবাই ব্যর্থ হয়েছে। আমরা কথা দিচ্ছি, আমরা কখনো জুলাইকে ভুলে যাবো না।”

তিনি আরও বলেন, জুলাই গণঅভ্যুত্থানে শহীদ হওয়া প্রায় ৮০০ পরিবারের সঙ্গে ‘ওয়ান টু ওয়ান’ সাক্ষাৎ করতে চান এবং প্রত্যেক শহীদের কবর জিয়ারত করার আগ্রহ রয়েছে তাঁর।

সভায় উপস্থিত শহীদ পরিবার ও আহত জুলাই যোদ্ধাদের উদ্দেশে নাহিদ ইসলাম বলেন, তাদের আত্মত্যাগ কোনো রাজনৈতিক প্রতিশ্রুতি নয়, বরং রাষ্ট্রের দায়বদ্ধতার বিষয়। এই দায় রাষ্ট্রকে নিতেই হবে বলেও মন্তব্য করেন তিনি।

এ সময় জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য আতিকুর রহমানসহ এনসিপি ও জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এর আগে সকালে সাঈদনগর সাঈদিয়া কারিমিয়া মসজিদের সামনে থেকে নির্বাচনি গণসংযোগ শুরু করেন নাহিদ ইসলাম। গণসংযোগকালে তিনি বলেন, এলাকাটির দীর্ঘদিনের অবকাঠামোগত দুরবস্থা ও গ্যাস সংকট নিরসনে কার্যকর উদ্যোগ নেওয়া হবে। নির্বাচিত হলে এসব সমস্যার সমাধানে অগ্রাধিকার দেওয়া হবে বলেও আশ্বাস দেন তিনি। তিনি শাপলা কলি প্রতীকে ভোট চাওয়ার পাশাপাশি গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে রায় দেওয়ার আহ্বান জানান।

১১ দলীয় জোট নিয়ে ভোটের মাঠে অভূতপূর্ব সাড়া পাচ্ছেন দাবি করে নাহিদ ইসলাম বলেন, জনগণ এই জোটকে আলাদা আলাদা দলের সমষ্টি হিসেবে নয়, বরং একটি ঐক্যবদ্ধ রাজনৈতিক শক্তি হিসেবেই দেখছে। নির্বাচন পর্যন্ত আধিপত্যবাদবিরোধী শক্তি হিসেবে সবাই একসঙ্গে কাজ করবেন বলেও জানান তিনি।

নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নেই অভিযোগ করে তিনি বলেন, প্রতিকূল পরিস্থিতির মধ্যেও প্রচারণা চালাতে হচ্ছে। তবে সীমিত সময়ের মধ্যেই সাধারণ মানুষের কাছ থেকে ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে বলে মন্তব্য করেন নাহিদ ইসলাম।