রাদওয়ান মুজিব ববির বিরুদ্ধে অবৈধ সম্পদ ও মানিলন্ডারিংয়ের অভিযোগে দুদকের মামলা


Rastrerkotha প্রকাশের সময় : ২৮/০৭/২০২৫, ৯:২৬ অপরাহ্ণ /
রাদওয়ান মুজিব ববির বিরুদ্ধে অবৈধ সম্পদ ও মানিলন্ডারিংয়ের অভিযোগে দুদকের মামলা
4

নিজস্ব প্রতিবেদক:
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোন শেখ রেহেনার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববির বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন এবং সন্দেহজনক ব্যাংক লেনদেনের অভিযোগে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

গতকাল (রবিবার) দুদকের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল মামুন বাদী হয়ে এ মামলাটি করেন। আজ (সোমবার) দুদক প্রধান কার্যালয়ে আয়োজিত নিয়মিত মিডিয়া ব্রিফিংয়ে এ তথ্য জানান কমিশনের মহাপরিচালক মো. আক্তার হোসেন।

দুদকের এজাহারে বলা হয়েছে, রাদওয়ান মুজিব ববি বৈধ আয়ের কোনো সুস্পষ্ট উৎস না থাকা সত্ত্বেও ২ কোটি ৮৯ লাখ টাকার স্থাবর ও অস্থাবর সম্পদ অর্জন করেছেন। তার নামে ৩৯ লাখ ৮৩ হাজার ৭৫০ টাকার স্থাবর এবং ২ কোটি ৪৯ লাখ ১৯ হাজার ৬০৫ টাকার অস্থাবর সম্পদের তথ্য রয়েছে।

এছাড়া তার তিনটি ব্যাংক হিসাবে মোট ১২ কোটি ৪৮ লাখ টাকার অস্বাভাবিক ও সন্দেহজনক লেনদেন শনাক্ত হয়েছে।

দুদক জানায়, প্রাথমিক অনুসন্ধানে দেখা গেছে, আসামির কোনো বৈধ ব্যবসা বা আয়ের উৎস নেই। আয়কর রিটার্ন অনুযায়ী তার বৈধ আয় ছিল সর্বোচ্চ ১ কোটি ৬৬ লাখ টাকা। কিন্তু তিনি ব্যয় করেছেন ৪ কোটি ৬৫ লাখ টাকার বেশি, যা বৈধ আয়ের তুলনায় প্রায় ৩ কোটি টাকা বেশি।

দুদক আরও জানায়, প্রদর্শিত ব্যবসার কোনও বাস্তব অস্তিত্ব পাওয়া যায়নি এবং যেহেতু সম্পদ অর্জনের উৎস অজানা, সেহেতু এটি জ্ঞাত আয়ের বাইরে অর্জিত অবৈধ সম্পদ হিসেবে প্রাথমিকভাবে প্রমাণিত। পাশাপাশি, এই অর্থ বিভিন্ন ব্যাংক হিসাবের মাধ্যমে মানিলন্ডারিং বা অর্থপাচারের প্রক্রিয়ায় ব্যবহার করা হয়েছে বলেও অভিযোগপত্রে উল্লেখ রয়েছে।