
মেহেরপুর জেলা সংবাদদাতা:
মেহেরপুরের মুজিবনগরে সেনাবাহিনী ও পুলিশের যৌথবাহিনীর বিশেষ অভিযানে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ মোনাখালী ইউনিয়ন যুবলীগের সহসভাপতি নাহিদ হাসান রাজু (৩১) কে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার (৩ ডিসেম্বর) ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে তার নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করে যৌথবাহিনী।
আটক নাহিদ হাসান রাজু মোনাখালী ইউনিয়নের রশিদপুর গ্রামের পশ্চিমপাড়ার মোশারফ হোসেনের ছেলে।
মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, গোয়েন্দা সূত্রে জানা যায়, রাজু বাড়িতে অবৈধ অস্ত্র নিয়ে অবস্থান করছে। এরপর ভোর ৩টার দিকে সেনাবাহিনী ও পুলিশের সমন্বিত টিম তার বাড়ি ঘেরাও করে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও পাঁচ রাউন্ড গুলি উদ্ধার করে।
ওসি বলেন, “উদ্ধার হওয়া অস্ত্রের বিষয়ে প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সত্যতা পাওয়া গেছে। অস্ত্রটি কোথা থেকে এসেছে, কারা যুক্ত থাকতে পারে তা খতিয়ে দেখা হচ্ছে।”
গ্রেপ্তারের পর নাহিদ হাসান রাজুর বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
আপনার মতামত লিখুন :