মানুষের আশা-আকাঙ্ক্ষা পূরণে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: আমির খসরু 


Rastrerkotha প্রকাশের সময় : ২২/০২/২০২৬, ১১:১৯ অপরাহ্ণ /
মানুষের আশা-আকাঙ্ক্ষা পূরণে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: আমির খসরু 
53

মোঃ শহীদুল ইসলাম, বিশেষ সংবাদদাতাঃ

চট্টগ্রাম: মানুষের আশা, আকাঙ্ক্ষা ও প্রত্যাশা পূরণে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, চট্টগ্রামকে প্রকৃত অর্থে দেশের বাণিজ্যিক রাজধানী হিসেবে গড়ে তুলতে বিনিয়োগ বৃদ্ধি, অবকাঠামোগত উন্নয়ন এবং প্রশাসনিক জটিলতা দূর করা এখন সময়ের দাবি।

মন্ত্রী বলেন, চট্টগ্রাম বন্দরের বিদ্যমান বাধা ও জটিলতা নিরসন করে এটিকে আন্তর্জাতিক মানের কার্যকর সেবা কেন্দ্রে পরিণত করার পরিকল্পনা সরকারের রয়েছে। চট্টগ্রাম বন্দর দ্রুত ও সুষ্ঠুভাবে পরিচালিত হলে তা শুধু আমদানি-রপ্তানি কার্যক্রম সহজ করবে না, বরং বাজার নিয়ন্ত্রণ ও অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

গত ২০ ফেব্রুয়ারি শুক্রবার বিকাল ৩টায় বীর চট্টলার ইতিহাসে প্রথমবারের মতো চট্টগ্রামের কৃতি সন্তান হিসেবে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী নির্বাচিত হওয়ার পর চট্টগ্রামে আগমন উপলক্ষে মেহেদীবাগস্থ নিজ বাসভবনে চট্টগ্রাম মহানগর যুবদলের উদ্যোগে ফুলেল শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, “নির্বাচনের মধ্য দিয়ে আমরা আবার গণতান্ত্রিক পরিবেশে ফিরে এসেছি। একটি নির্বাচিত সংসদ ও সরকার গঠিত হয়েছে। এখন আমাদের দায়িত্ব মানুষের প্রত্যাশা পূরণ করা। চট্টগ্রামের উন্নয়নে সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে। করবো কাজ, গড়বো দেশ- সবার আগে বাংলাদেশ।”

ফুলেল শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তারা আশা প্রকাশ করেন, আমির খসরু মাহমুদ চৌধুরীর নেতৃত্বে চট্টগ্রাম নতুন গতি পাবে এবং দেশের অর্থনৈতিক অগ্রযাত্রায় আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।