ভোটের মাঠে পিছিয়ে ইসলামী আন্দোলন, অধিকাংশ আসনে জামানত সংকট


Rastrerkotha প্রকাশের সময় : ১৫/০২/২০২৬, ১:৫৬ পূর্বাহ্ণ /
ভোটের মাঠে পিছিয়ে ইসলামী আন্দোলন, অধিকাংশ আসনে জামানত সংকট
45

অনলাইন ডেস্কঃ

সদ্য অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্যাপক প্রচারণা চালিয়েও প্রত্যাশিত ফল পায়নি ইসলামী আন্দোলন বাংলাদেশ। ২৫৩টি আসনে প্রার্থী দিলেও দলটি জয় পেয়েছে মাত্র একটি আসনে। অধিকাংশ আসনেই উল্লেখযোগ্য প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলতে না পারায় অনেক প্রার্থীর জামানত হারানোর পরিস্থিতি সৃষ্টি হয়েছে।

দলটির আমির ও চরমোনাই পীর সৈয়দ রেজাউল করীমের তিন ভাই তিনটি পৃথক আসনে প্রতিদ্বন্দ্বিতা করলেও কেউই জয় পাননি।

জ্যেষ্ঠ নায়েবে আমির সৈয়দ ফয়জুল করীম বরিশাল-৫ (সদর-সিটি করপোরেশন) আসনে ৯৩ হাজার ৫২৮ ভোট পেয়ে দ্বিতীয় হন। এ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-সমর্থিত প্রার্থী মজিবর রহমান সরোয়ার ১ লাখ ৩১ হাজার ৪৩১ ভোট পেয়ে জয়ী হন। বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনে ফয়জুল করীম ২৮ হাজার ৮২৩ ভোট পেয়ে তৃতীয় হন; এখানে বিএনপির আবুল হোসেন খান বিজয়ী হন।

বরিশাল-৪ (হিজলা-মেহেন্দীগঞ্জ) আসনে দলের সহকারী মহাসচিব সৈয়দ ইছহাক মুহাম্মদ আবুল খায়ের পান ৩৬ হাজার ৭৫৩ ভোট। এ আসনেও জয়ী হন বিএনপির প্রার্থী।

ঢাকা-৪ আসনে প্রার্থী ছিলেন মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ। তিনি মাত্র ৬ হাজার ৫১৮ ভোট পেয়ে জামানত হারান। এ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী-সমর্থিত প্রার্থী সৈয়দ জয়নুল আবেদীন বিজয়ী হন।

নির্বাচনী ফলাফল বিশ্লেষণে দেখা যায়, জাতীয়ভাবে বিপুল সংখ্যক প্রার্থী দিলেও মাঠের ভোটে কাঙ্ক্ষিত প্রভাব ফেলতে পারেনি ইসলামী আন্দোলন বাংলাদেশ।