ভিত্তিহীন রিপোর্ট প্রকাশের অভিযোগে যুগান্তরের বিরুদ্ধে জামায়াতের তীব্র প্রতিবাদ


Rastrerkotha প্রকাশের সময় : ১৯/১০/২০২৫, ৫:২২ অপরাহ্ণ /
ভিত্তিহীন রিপোর্ট প্রকাশের অভিযোগে যুগান্তরের বিরুদ্ধে জামায়াতের তীব্র প্রতিবাদ
54

নেত্রকোনা সংবাদদাতা:

দৈনিক যুগান্তরসহ কয়েকটি গণমাধ্যমে আওয়ামী লীগ কর্মীদের নিয়ে জামায়াত প্রোগ্রাম করেছে এমন বিভ্রান্তিকর সংবাদ প্রকাশের তীব্র প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী নেত্রকোণা জেলা শাখা।

রবিবার (১৯ অক্টোবর) জেলা জামায়াতের প্রচার ও মিডিয়া সেক্রেটারি মোঃ জহিরুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ প্রতিবাদ জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, “১৮ অক্টোবর নেত্রকোণার দুর্গাপুর উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামী দুর্গাপুর উপজেলা শাখার উদ্যোগে মাঠ পর্যায়ের নির্বাচনী কার্যক্রমকে সুসংগঠিত করার লক্ষ্যে একটি অভ্যন্তরীণ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে উপজেলা জামায়াতের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলগণ অংশ নেন। এটি ছিল দলের নিয়মিত নির্বাচনী প্রস্তুতি কার্যক্রমের অংশ।”

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, কর্মশালায় প্রধান অতিথি ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা মাহবুবুর রহমান, বিশেষ অতিথি ছিলেন নেত্রকোণা-১ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা আবুল হাসেম এবং সভাপতিত্ব করেন জেলা জামায়াতের প্রচার ও মিডিয়া সেক্রেটারি মোঃ জহিরুল ইসলাম।

তবে বিজ্ঞপ্তিতে অভিযোগ করা হয়, দৈনিক যুগান্তর-এর অনলাইন সংস্করণে “সরকারি কলেজে আ.লীগ কর্মীদের নিয়ে জামায়াতের কর্মশালা” শিরোনামে একটি অসত্য, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত প্রতিবেদন প্রকাশ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, “এই প্রতিবেদন সম্পূর্ণ মিথ্যা ও সাংবাদিকতার মৌলিক নীতিমালার পরিপন্থী। এটি জনমনে বিভ্রান্তি সৃষ্টি এবং জামায়াতে ইসলামীকে বিতর্কিত করার অপচেষ্টা।”

জামায়াত কর্তৃপক্ষ যুগান্তরকে উস্কানিমূলক সংবাদ প্রকাশ থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে ওই প্রতিবেদনের জন্য ক্ষমা প্রার্থনা ও সংশোধনী প্রকাশের দাবি জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, “বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি আদর্শিক রাজনৈতিক দল হিসেবে শান্তিপূর্ণ ও নিয়মতান্ত্রিকভাবে কার্যক্রম পরিচালনায় বিশ্বাসী। সংবাদমাধ্যমের স্বাধীনতা আমরা শ্রদ্ধা করি, তবে দায়িত্বজ্ঞানহীন ও পক্ষপাতদুষ্ট সংবাদ প্রকাশ গণমাধ্যমের বিশ্বাসযোগ্যতা নষ্ট করে।”