
স্টাফ রিপোর্টার:
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ-এর ‘ইনকিলাব জিন্দাবাদ’ স্লোগান সম্পর্কিত মন্তব্যে গভীর উদ্বেগ, নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
রোববার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে দলটির সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এ প্রতিবাদ জানান।
বিবৃতিতে তিনি বলেন, আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের এক আলোচনা সভায় ‘ইনকিলাব জিন্দাবাদ’ স্লোগান নিয়ে মন্ত্রীর দেওয়া বক্তব্য কেবল অসঙ্গতই নয়, বরং ইতিহাস, ভাষাতত্ত্ব ও গণআকাঙ্ক্ষার বাস্তবতাকে অস্বীকার করার শামিল। তিনি এ মন্তব্যে গভীর উদ্বেগ প্রকাশ করে নিন্দা ও প্রতিবাদ জানান।
জুবায়ের বলেন, ‘ইনকিলাব’ শব্দটি আরবি উৎসভিত্তিক হলেও উপমহাদেশের স্বাধীনতা আন্দোলন, স্বৈরাচারবিরোধী সংগ্রাম এবং গণঅধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে বহু দশক ধরে ব্যবহৃত হয়ে আসছে। ভাষা কোনো সংকীর্ণ গণ্ডিতে আবদ্ধ নয়; বরং জনগণের ব্যবহারে তা সমৃদ্ধ ও বিকশিত হয়।
তিনি আরও উল্লেখ করেন, বাংলা ভাষা তদ্ভব, তৎসম, আরবি, ফারসি, পর্তুগিজ ও ইংরেজিসহ নানা ভাষা থেকে শব্দ গ্রহণ করে আজকের অবস্থানে পৌঁছেছে। তাই কোনো শব্দের উৎপত্তিকে কেন্দ্র করে তাকে ‘বাংলাবিরোধী’ আখ্যা দেওয়া ভাষাবিজ্ঞানের মৌলিক নীতির পরিপন্থি বলেও মন্তব্য করেন তিনি। ভাষার প্রশ্নে বিভাজন সৃষ্টি করে জাতিকে দ্বিধাবিভক্ত করার অপচেষ্টা পরিহারের আহ্বান জানান তিনি।
বিবৃতিতে বলা হয়, ‘ইনকিলাব জিন্দাবাদ’ কোনো নির্দিষ্ট গোষ্ঠীর একচেটিয়া স্লোগান নয়; বরং শোষণ, অন্যায় ও স্বৈরশাসনের বিরুদ্ধে প্রতিবাদের প্রতীক। ছাত্র-জনতা যখন অন্যায়-অবিচারের বিরুদ্ধে রুখে দাঁড়ায়, তখন তাদের কণ্ঠরোধ করার ভাষাগত যুক্তি দাঁড় করানো গণতান্ত্রিক চেতনার পরিপন্থি বলেও দাবি করা হয়।
অ্যাডভোকেট জুবায়ের বলেন, জনগণের অধিকার হরণ, চাঁদাবাজি, দখলবাজি, টেন্ডারবাজি, ঘুষ-দুর্নীতি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং বিদ্যুৎ-জ্বালানি খাতে অনিয়মের মতো বিষয়গুলোই জাতির জন্য প্রকৃত উদ্বেগের কারণ। এসব সমস্যার সমাধানে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়ে তিনি মন্ত্রীর বক্তব্য অবিলম্বে প্রত্যাহারের দাবি জানান।
বিবৃতির শেষাংশে তিনি বলেন, বাংলা ভাষা জাতির গৌরব ও আত্মপরিচয়ের ভিত্তি। কোনো শব্দ বা স্লোগানকে কেন্দ্র করে জাতিকে বিভক্ত না করে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়। অন্যথায় জনগণই এর যথাযথ জবাব দেবে বলেও সতর্ক করা হয়।
আপনার মতামত লিখুন :